গুজব প্রতিরোধে এআই প্রযুক্তির নজরদারি, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি এসআরবির

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৯ অক্টোবর, ২০২৬ ৭:২৮ পিএম
শেয়ার করুন:
গুজব প্রতিরোধে এআই প্রযুক্তির নজরদারি, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি এসআরবির

সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের গুজব ও অপতথ্য শনাক্ত করে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় গুজব প্রতিরোধে সংস্থাটির সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে বলে জানিয়েছেন এসআরবি-১০-এর অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ফরিদপুর শহরের গৌর গোপাল আঙিনার পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

অতিরিক্ত ডিআইজি জানান, শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চসংখ্যক সদস্য মোতায়েন রাখা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে উসকানিমূলক ও অসত্য তথ্য ছড়িয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালালে তাকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

মণ্ডপের নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তিনি আরও বলেন, নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও উত্ত্যক্তকরণ প্রতিরোধে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ছাড়াও বড় মণ্ডপগুলোতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী স্বেচ্ছাসেবকেরাও মণ্ডপের নিরাপত্তায় কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করছেন।

নিরাপত্তা ঝুঁকি প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, এখন পর্যন্ত পূজাকে কেন্দ্র করে বড় ধরনের কোনো নাশকতা বা জঙ্গি তৎপরতার তথ্য পাওয়া যায়নি। তা সত্ত্বেও যেকোনো ধরনের অপতৎপরতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এসআরবির সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

আগামী ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শারদোৎসব সম্পন্ন করতে গোয়েন্দা নজরদারি, মোবাইল টহল ও স্ট্রাইকিং টিম সার্বক্ষণিক মাঠে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। মতবিনিময় শেষে তিনি জেলার আরও কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।