আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্কঃ
২৩ জুলাই, ২০২৬ ৪:৪৮ পিএম
শেয়ার করুন:
আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

শারীরিক অসুস্থতা ও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে আগামীকাল শুক্রবারই পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। বৃহস্পতিবার রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের একাধিক নির্ভরযোগ্য সূত্র ও দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছে, শুক্রবার দুপুর নাগাদ পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠাতে পারেন রাষ্ট্রপতি। নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় সময় লাগলে বা বিলম্ব হলে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করতে পারেন বলে জানা গেছে। বঙ্গভবনের সূত্র মতে, বর্তমান রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের অভ্যন্তরে কোনো অনিশ্চয়তা বা সংশয় নেই।

এর পাশাপাশি বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে দলের উচ্চপর্যায় থেকেও তাঁকে ইতোমধ্যে বার্তা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যগত প্রেক্ষাপট: 
উল্লেখ্য, ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন মোঃ সাহাবুদ্দিন এবং একই বছরের ২৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব পালনকালীন সময়েই তিনি মারাত্মক স্বাস্থ্য জটিলতায় পড়েন। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তাঁর সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। পরবর্তীতে যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তাঁর হৃদযন্ত্রে গুরুত্বপূর্ণ একটি ব্লক ধরা পড়লে জরুরি ভিত্তিতে এনজিওপ্লাস্টি ও রিং (স্টেন্ট) স্থাপন করা হয়।

রাজনৈতিক পটভূমি:
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করলে দেশে এক নজিরবিহীন সাংবিধানিক শূন্যতা তৈরি হয়। উদ্ভূত পরিস্থিতি ও রাজনৈতিক সংকট নিরসনে রাষ্ট্রপতি অভিভাবকের ভূমিকা পালন করেন। বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠনে মূল ভূমিকা রাখেন এবং নতুন সরকারকে শপথ পাঠ করান। 

তবে সাম্প্রতিক সময়ে শারীরিক অবস্থার কথা বিবেচনায় এনে তিনি শেষ পর্যন্ত পদত্যাগের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে বঙ্গভবন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।