এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিয়ের মাত্র ২৩ দিনের মাথায় ফরিদপুরের সদরপুরের নববিবাহিতা গৃহবধূ মায়া আক্তার স্বপ্নার (২০) মৃত্যুর ঘটনায় বিচার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজনরা। রোববার (৮ জুন) বেলা ১১টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
নিহত মায়া আক্তার স্বপ্না সদরপুর উপজেলার ঠাঙ্গামারী গ্রামের শেখ হান্নানের মেয়ে। গত ১৫ ফেব্রুয়ারি পারিবারিকভাবে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাসাগাড়ি গ্রামের সাখাওয়াত মাতুব্বরের ছেলে খায়ের মাতুব্বর ওরফে আরাফ মাতুব্বরের (২২) সঙ্গে তার বিয়ে হয়।
মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বপ্নাকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো। বিয়ের মাত্র ২৩ দিনের মাথায় স্বামীর বাড়িতে তার রহস্যজনক মৃত্যু হয়। এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন স্বজনরা।
এ ঘটনায় নিহতের বাবা শেখ হান্নান বাদী হয়ে ফরিদপুর আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান নগরকান্দা থানার এসআই রবিউল ইসলাম। তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও মামলার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হওয়ায় বিচার প্রাপ্তি নিয়ে হতাশা প্রকাশ করেন নিহতের পরিবার।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মামলার তদন্তে গাফিলতি ও উদাসীনতার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। তারা অবিলম্বে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিহতের বাবা শেখ হান্নান কান্নাবিজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মামলা করার পরও আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছি। প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, প্রকৃত হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হোক।”
কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন নিহতের স্বজনরা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তদন্তে কোনো ধরনের গড়িমসি না করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২৩ জুলাই, ২০২৬
ফুটবল | ২৩ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২৩ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২৩ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।