আইনের কথা বলে নিজেই আইন ভাঙলেন ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্কঃ
৪ জুন, ২০২৬ ৮:১১ পিএম
শেয়ার করুন:
আইনের কথা বলে নিজেই আইন ভাঙলেন ডিএমপি কমিশনার

‘ট্রাফিক আইন সবার জন্য সমান। সরকারি বা বেসরকারি—সবাইকেই এই আইন মেনে চলতে হবে। এমনকি প্রধানমন্ত্রীর চলাচলের ক্ষেত্রেও ট্রাফিক আইন অনুসরণ করা হচ্ছে।’—গণমাধ্যমের সামনে এমন কঠোর অবস্থান নেওয়ার কয়েক মিনিট পরই নিজেই ট্রাফিক আইন ভঙ্গ করে বিতর্কের মুখে পড়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ব্রিফ করছিলেন কমিশনার। সেখানে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, কোনো পুলিশ সদস্য আইন অমান্য করলে তার বিরুদ্ধেও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কিন্তু এই সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরপরই উল্টো চিত্র দেখা যায়। মিডিয়া সেন্টার থেকে ডিএমপি সদর দপ্তরে ফেরার পথে কমিশনারের গাড়িবহরকে রাজধানীর একটি ‘নিষিদ্ধ’ ক্রসিং ব্যবহার করে গন্তব্যে যেতে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, মিন্টো রোডের যে অংশটি দিয়ে কমিশনারের গাড়িবহর যাচ্ছিল, তা বর্তমানে ‘ওয়ানওয়ে’ বা একমুখী চলাচলের আওতায় রয়েছে। নিরাপত্তার স্বার্থে ত্রিকোণাকৃতির ট্রাফিক কোন ও দড়ি দিয়ে সাধারণ যানবাহনের জন্য ওই ক্রসিংটি বন্ধ রাখা হয়েছে। সাধারণ যানবাহনকে নিয়ম অনুযায়ী মগবাজার ফ্লাইওভারের নিচ দিয়ে ঘুরে ইউ-টার্ন নিয়ে গন্তব্যে পৌঁছাতে হয়।

কিন্তু প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিকেল ৪টা ৫৮ মিনিটের দিকে কমিশনারের গাড়িবহর আসার আগেই দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দড়ির প্রতিবন্ধকতা সরিয়ে পথ পরিষ্কার করে দেন। একই সঙ্গে দুই পাশের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কমিশনারের গাড়িটি পার হয়ে যাওয়ার পর পুনরায় দড়ি টেনে ক্রসিংটি আগের মতোই বন্ধ করে দেওয়া হয়।

এমন দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ পথচারী ও যানচালকরা। মোটরসাইকেল চালক মেহেদি হাসান বলেন, ‘আমরা সাধারণ মানুষ নিয়ম মানতে গিয়ে অনেকটা পথ ঘুরে যাই। অথচ যারা আইন প্রয়োগ করবেন, তারাই যদি এভাবে আইন ভঙ্গ করেন, তবে সাধারণ মানুষ কার কাছে বিচার চাইবে?’

আরেক চালক আলামিন প্রশ্ন তোলেন, ‘ভিআইপিদের নিরাপত্তার বিষয়টি আমরা বুঝি, কিন্তু জনদুর্ভোগ সৃষ্টি করে এভাবে আইন ভাঙা কি সমর্থনযোগ্য? তাহলে কি আইন আসলেই শুধু সাধারণ মানুষের জন্য?’

এ বিষয়ে জানতে চাওয়া হলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, ‘কমিশনারের উল্টো পথে যাওয়ার বিষয়টি আমার জানা নেই। এমনটি হওয়ার কথা নয়। ডিএমপি কমিশনার অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ, তার সময়ের গুরুত্ব আমাদের বিবেচনা করা উচিত।’

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচলের ক্ষেত্রেও জনদুর্ভোগ সৃষ্টি না করার নীতি অনুসরণ করা হচ্ছে। এমন পরিস্থিতিতে খোদ ডিএমপি কমিশনারের এই কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে নতুন করে প্রশ্ন তুলেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।