সদরপুরে গুপ্তধনের গুজবে চাঞ্চল্য: রহস্যময় গর্ত দেখতে উৎসুক মানুষের ভিড়

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
৮ মে, ২০২৬ ৯:৪৪ পিএম
শেয়ার করুন:
সদরপুরে গুপ্তধনের গুজবে চাঞ্চল্য: রহস্যময় গর্ত দেখতে উৎসুক মানুষের ভিড়

ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি ঘাসক্ষেতে রহস্যময় এক গর্তকে কেন্দ্র করে 'গুপ্তধন' পাওয়ার গুজব ছড়িয়ে পড়েছে। উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। রহস্যময় ওই গর্তটি এক নজর দেখতে গ্রামজুড়ে ভিড় জমাচ্ছেন শত শত উৎসুক মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মহি মৃধার বাড়ির সামনে একটি ঘাসক্ষেতে কয়েকদিন আগে একটি ঘুঘুর বাসা দেখতে পান এলাকাবাসী। তবে বুধবার (৬ মে ২০২৬) রাতের আঁধারে কে বা কারা ওই ঘুঘুর বাসার স্থানটিতে গভীর ও বড় আকারের একটি গর্ত খুঁড়ে ফেলে।

শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়। স্থানীয়দের অনেকেরই ধারণা, ওই স্থানে আগে থেকেই কোনো মূল্যবান গুপ্তধন লুকানো ছিল এবং সুযোগ বুঝে রাতের অন্ধকারে কেউ তা খুঁড়ে নিয়ে গেছে। তবে প্রকৃতপক্ষে সেখানে কী ছিল বা কারা মাটি খুঁড়েছে, সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

সরেজমিনে দেখা যায়, দিনভর উৎসুক মানুষ ঘটনাস্থলে এসে ভিড় করছেন এবং নানা জল্পনা-কল্পনায় মেতে উঠেছেন। রহস্যময় এই গর্তকে ঘিরে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিষয়টি বর্তমানে পুরো কৃষ্ণপুর ইউনিয়নের প্রধান আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। 

রহস্যময় এই গর্তের পেছনের প্রকৃত ঘটনা কী, তা নিয়ে এলাকায় এখনো ধোঁয়াশা কাটেনি। তবে গ্রামবাসীর দাবি, বিষয়টি খতিয়ে দেখলে প্রকৃত সত্য বেরিয়ে আসতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।