মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: আলমগীরের ৭ বছরের কারাদণ্ড

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
৭ সেপ্টেম্বর, ২০২৬ ৮:১৪ পিএম
শেয়ার করুন:
মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: আলমগীরের ৭ বছরের কারাদণ্ড

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় আলমগীর হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মেহেদী আল মাসুদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন মঠবাড়িয়া উপজেলার কচুবাড়িয়া এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে স্থানীয় ওই প্রবাসীর স্ত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ১ জানুয়ারি রাতে ওই গৃহবধূকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান আলমগীর। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে নিজের সম্ভ্রম রক্ষার্থে ওই নারী আত্মরক্ষার উদ্দেশ্যে ছুরি দিয়ে আঘাত করলে আসামির গোপনাঙ্গের একাংশ কেটে যায়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার গোপনাঙ্গের ক্ষতিগ্রস্ত অংশটি অস্ত্রোপচারের মাধ্যমে বিচ্ছিন্ন করা হয়। 

এ ঘটনার পর ২০২০ সালের ৭ জানুয়ারি ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মঠবাড়িয়া থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি বলেন, “ধর্ষণচেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে উপযুক্ত সাজা দিয়েছেন। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।” রায় ঘোষণার পর আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।