পিরোজপুরে উৎসাহ-উদ্দীপনায় শুভ জন্মাষ্টমী উদযাপিত

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
৪ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১৪ পিএম
শেয়ার করুন:
পিরোজপুরে উৎসাহ-উদ্দীপনায় শুভ জন্মাষ্টমী উদযাপিত

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের ঐতিহাসিক আখড়াবাড়ী মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালে তালে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়। পরবর্তীতে শহরের শ্রী শ্রী মদনমোহন জিউর মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ শ্রী দিলীপ কুমার মিস্ত্রির সভাপতিত্বে এবং সদস্য সচিব নির্মল কুমার চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। এ ছাড়া স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের মানবকল্যাণমুখী দর্শন, সত্য ও ন্যায়ের আদর্শ তুলে ধরে বলেন, “শ্রীকৃষ্ণ আজীবন অন্যায় ও অশুভ শক্তির বিনাশ করে পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন। তাঁর এই আদর্শ ধারণ করে সমাজে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে হবে।” 

সভা শেষে দেশ, জাতি ও বিশ্বের সকল জীবের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।