৪ দিন পর শর্তসাপেক্ষে খুলল বান্দরবানের ‘দেবতাখুম’

সাথোয়াই অং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি, বান্দরবানঃ
২১ জুলাই, ২০২৬ ১০:৫৯ এএম
শেয়ার করুন:
৪ দিন পর শর্তসাপেক্ষে খুলল বান্দরবানের ‘দেবতাখুম’

টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে চার দিন বন্ধ থাকার পর অবশেষে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন স্পট ‘দেবতাখুম’। সার্বিক পরিস্থিতির উন্নতি হওয়ায় আজ মঙ্গলবার (২১ জুলাই) থেকে শর্তসাপেক্ষে এই পর্যটন কেন্দ্রে পর্যটকদের প্রবেশাধিকার দেওয়া হয়েছে। 

গত সোমবার (২০ জুলাই) রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলায় টানা ভারী বর্ষণের ফলে নদী, ছড়া ও ঝিরির পানির প্রবাহ বৃদ্ধি পায়। এতে জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড় ধসের আশঙ্কা তৈরি হওয়ায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে গত ১৬ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত দেবতাখুম পর্যটন কেন্দ্রে পর্যটক প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। বর্তমান পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় ২১ জুলাই থেকে পর্যটন স্পটটি পুনরায় উন্মুক্ত করা হলো।

তবে পর্যটকদের যাতায়াত ও নিরাপত্তার সুবিধার্থে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কিছু জরুরি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্তগুলো হলো:

১. পর্যটক বহনকারী কোনো যানবাহন (মোটরসাইকেল, চাঁদের গাড়ি কিংবা ব্যক্তিগত গাড়ি) কচ্ছপতলী বাজার অতিক্রম করতে পারবে না। সকল গাড়ি কচ্ছপতলী বাজারেই অবস্থান বা পার্কিং করতে হবে। 
২. কচ্ছপতলী বাজার থেকে দেবতাখুম পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার পথ পর্যটকদের পায়ে হেঁটে যাতায়াত করতে হবে।
৩. নৌপথে ভ্রমণের ক্ষেত্রে প্রত্যেক পর্যটককে অবশ্যই লাইফ জ্যাকেট পরিধান করতে হবে। লাইফ জ্যাকেট ছাড়া কোনো পর্যটককে নৌযানে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না।

পাশাপাশি পর্যটকদের নিজস্ব নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পর্যটন ব্যবস্থাপনা কমিটি ও নিবন্ধিত গাইডের সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি জানিয়েছেন, আবহাওয়ার আকস্মিক অবনতি, ভারী বৃষ্টিপাত, পাহাড় ধস বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজন অনুযায়ী পূর্ব ঘোষণা ছাড়াই পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ বা সীমিত করা হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।