ফরিদপুর প্রেসক্লাব সভাপতির মোবাইল নম্বর ক্লোন, বিকাশে ৪০ হাজার টাকা প্রতারণা

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
১৯ জুলাই, ২০২৬ ৯:৩৮ পিএম
শেয়ার করুন:
ফরিদপুর প্রেসক্লাব সভাপতির মোবাইল নম্বর ক্লোন, বিকাশে ৪০ হাজার টাকা প্রতারণা

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র। ইতোমধ্যে ওই প্রতারণার শিকার হয়ে তার এক সহকারী বিকাশের মাধ্যমে ৪০ হাজার ৫৪০ টাকা হারিয়েছেন।

প্রতারণার শিকার মো. নাঈম মোল্লা (৩৩) শহরের গুহলক্ষ্মীপুর এলাকার বাসিন্দা ও মো. ফজলুল হকের ছেলে। এ ঘটনায় তিনি রোববার (১৯ জুলাই) ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টা ২৪ মিনিটে কবিরুল ইসলাম সিদ্দিকীর হোয়াটসঅ্যাপ নম্বর থেকে নাঈম মোল্লার হোয়াটসঅ্যাপে একটি বার্তা আসে। বার্তায় বিকাশ নম্বর ০১৮৭৬৩৪১৬৩৫-এ ১০ হাজার টাকা পাঠাতে বলা হয়। বিষয়টি যাচাই না করেই তিনি দুপুর ১২টা ৩৬ মিনিটে টাকা পাঠিয়ে দেন।

এরপর আরেকটি বিকাশ নম্বর ০১৮২৪২৭২৯৫৭-এ আরও ৩০ হাজার ৫৪০ টাকা পাঠাতে বলা হলে তিনি দুপুর ১টা ৯ মিনিটে ওই অর্থও পাঠিয়ে দেন। পরে ০১৮৯৭৩৬৪৯৮২ নম্বর থেকে আরও ২০ হাজার টাকা পাঠানোর অনুরোধ এলে তার সন্দেহ হয়। তখন তিনি কবিরুল ইসলাম সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, তার মোবাইল নম্বর ক্লোন করে প্রতারক চক্র এ প্রতারণা চালিয়েছে।

এদিকে বিকেল ৪টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব পিয়াল এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানান, প্রেসক্লাব সভাপতির মোবাইল নম্বর ক্লোন করে হ্যাকাররা বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে। তিনি সবাইকে অনুরোধ জানান, ওই নম্বর থেকে টাকা চাওয়া হলে যেন কেউ অর্থ পাঠান না এবং কোনো ধরনের ওটিপি, পিন নম্বর বা ব্যক্তিগত তথ্য শেয়ার না করেন।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, তার জানা মতে ইতোমধ্যে ৪০ হাজার টাকার বেশি প্রতারণার ঘটনা ঘটেছে। আরও কেউ প্রতারিত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাধারণ ডায়েরির ভিত্তিতে প্রতারক চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ কাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।