মিটফোর্ড ও বাবুবাজারে ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
১৪ জুলাই, ২০২৫ ২:২১ পিএম
শেয়ার করুন:
মিটফোর্ড ও বাবুবাজারে ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সড়ক পরিবহন আইন লঙ্ঘন, অবৈধ পার্কিং ও রাস্তায় মালামাল রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগে রাজধানীর মিটফোর্ড ও বাবুবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রবিবার (১৩ জুলাই) ডিএমপির লালবাগ বিভাগের উদ্যোগে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে র‍্যাব, কোতোয়ালী ও বংশাল থানা পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে দুইজনকে কারাদণ্ড, দুইজনকে অর্থদণ্ড এবং চারজনকে গ্রেফতার করা হয়।

ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগের সূত্র জানায়, মিটফোর্ড রোডে অবৈধভাবে ঠেলাগাড়ি স্ট্যান্ড বানিয়ে রাস্তা দখল করায় এক সিন্ডিকেট সর্দারকে সড়ক পরিবহন আইনের ৯২ ধারায় ৭ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, বাবুবাজার ব্রিজ এলাকায় বাহাদুর শাহ পরিবহনের এক চালককে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে সড়ক পরিবহন আইনের ৬৬ ধারায় এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া, অবৈধভাবে ট্রাক পার্কিং করে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় দুই ট্রাকচালককে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা দিতে ব্যর্থ হলে তাদের ৭ দিনের কারাদণ্ডের আদেশ হয়। পরে তারা অর্থদণ্ড পরিশোধ করলে মুক্তি পান।

অভিযান চলাকালে পজ মেশিনের মাধ্যমে একাধিক মামলা রুজু করা হয়। একই সঙ্গে অবৈধ ভ্যান ও রিকশার গ্যারেজ বসিয়ে রাস্তা দখল করার অপরাধে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।