ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

অনলাইন ডেস্কঃ
২২ অক্টোবর, ২০২৬ ১:০৭ পিএম
শেয়ার করুন:
ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সর্বশেষ নারী দলীয় র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ১০৭তম স্থান থেকে এক ধাপ এগিয়ে ঋতুপর্ণা চাকমাদের বর্তমান অবস্থান এখন ১০৬ নম্বরে।

সম্প্রতি শক্তিশালী দলগুলোর বিপক্ষে বড় ব্যবধানে হারলেও পয়েন্ট রেটিংয়ে খুব একটা ক্ষতির মুখে পড়তে হয়নি লাল-সবুজের মেয়েদের। র‌্যাঙ্কিংয়ের প্রায় শীর্ষের কাছাকাছি থাকা উত্তর কোরিয়ার কাছে ১০-০ এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-০ গোলে পরাজিত হয় বাংলাদেশ। তবে দল দুটির সঙ্গে বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ের ব্যবধান প্রায় ১০০ ধাপের মতো হওয়ায় এই দুই বড় পরাজয়ে খুব সামান্য পয়েন্টই কাটা গেছে (যথাক্রমে মাত্র ০.০৬ ও ০.২৮ পয়েন্ট)।

র‍্যাঙ্কিংয়ে এই অগ্রগতির মূল কারিগর ছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে ড্র। বাংলাদেশের চেয়ে প্রায় ৫০ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে গোলশূন্য রুখে দেওয়ার সুবাদে খাতায় গুরুত্বপূর্ণ ৪.৬৪ রেটিং পয়েন্ট যোগ হয়। এর ফলে বাংলাদেশের মোট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৭৫.৩৫-এ। উল্টো বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করায় ৫.৫৪ পয়েন্ট হারিয়ে এক ধাপ পিছিয়ে ৫৬তম স্থানে নেমে গেছে মিয়ানমার।

বিশ্বমঞ্চে শীর্ষস্থানে যারা:
ফিফা নারী র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন (২১২১.৫০ পয়েন্ট)। টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র এবং তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে জার্মানি ও ইংল্যান্ড। এ ছাড়া দুই ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে ডেনমার্ক। 

অন্যদিকে এশিয়ার দলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে জাপান (বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৫ম)। ঘরের মাঠে উত্তর কোরিয়াকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতার সুবাদে তারা নিজেদের অবস্থান ধরে রেখেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।