আলীকদমে ওষুধ আইনে ৫ ফার্মেসিকে জরিমানা

আবু জুয়েল নূর খান, আলিকদম প্রতিনিধি, বান্দরবানঃ
২২ জুলাই, ২০২৬ ৫:৫৫ পিএম
শেয়ার করুন:
আলীকদমে ওষুধ আইনে ৫ ফার্মেসিকে জরিমানা

বান্দরবানের আলীকদমে ড্রাগ আইন লঙ্ঘনের দায়ে ৫টি ফার্মেসিকে মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে।

উপজেলার ১ নং সদর ইউনিয়নের আলীকদম চৌমুহনী মোড় ও বাস টার্মিনাল এলাকায় দুপুর ১টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে বিকেল ৪টা ১০ মিনিট পর্যন্ত এ অভিযান চলে। এতে নেতৃত্ব দেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম।

অভিযানে কক্সবাজার ওষুধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার কাজী মোহাম্মদ ফরহাদ এবং আলীকদম থানা পুলিশের এসআই আব্দুস ছালামের নেতৃত্বে একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানকালে ‘ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর ৪০ (খ/ঘ) ধারা ভঙ্গের দায়ে চৌমুহনী মোড়ের আহমাদিয়া মেডিকেল হলকে ২ হাজার টাকা, মেসার্স নোমান মেডিকোকে ১ হাজার ৫০০ টাকা, মেসার্স জসিম ফার্মেসিকে ১ হাজার টাকা, মেসার্স ইসলামিয়া ফার্মেসিকে ২ হাজার ৫০০ টাকা এবং বাস টার্মিনাল এলাকার মেসার্স মাতামুহুরি মেডিকোকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত মোট ১৭ হাজার টাকা ওষুধ ফার্মেসির মালিকেরা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন। 

অভিযান চলাকালে সতর্কতার অংশ হিসেবে এলাকার আরও ১০ থেকে ১২ জন ক্ষুদ্র ওষুধ ব্যবসায়ীকে সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয় এবং নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।

এ বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম জানান, জনস্বার্থে এবং ওষুধের বাজারে সঠিক শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযানকালে আলীকদম থানা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় এলাকার পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক ছিল বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।