মাগুরার মহম্মদপুরে মন্দিরে ত্রিশূলের আঘাতে সেবাইতসহ আহত ২
মাগুরার মহম্মদপুর উপজেলায় রাজপাট রাধা মদন মোহন সেবাশ্রমে সেবাইতসহ দুজনকে মারধরের ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজপাট গ্রামে অবস্থিত ওই মন্দিরে এ ঘটনা ঘটে।
হামলার শিকার দুজন হলেন— সেবাশ্রমের সেবাইত ব্রজ গোপাল দাস ওরফে বিশ্বজিৎ বাবাজি (৬৮) এবং রাজপাট গ্রামের বাসিন্দা সবিতা বিশ্বাস (৫৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার পবিত্র অক্ষয় তৃতীয়া উপলক্ষে সকালে মন্দিরে অবস্থান করছিলেন সেবাইত ও পুণ্যার্থীরা। এসময় রাজাপুর গ্রামের জালালের ছেলে আশরাফুল (৩২) হঠাৎ মন্দিরে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে সে ক্ষিপ্ত হয়ে লোহার ত্রিশূল দিয়ে সেবাইত ব্রজ গোপাল দাস এবং সবিতা বিশ্বাসকে আঘাত করে। ত্রিশূলের আঘাতে সবিতা বিশ্বাসের বাম পা কেটে রক্তক্ষরণ হয়।
স্থানীয়রা আরও জানান, হামলাকারী আশরাফুল এর আগেও এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে। গত বৃহস্পতিবার সকালে মন্দিরে কীর্তন চলাকালীন সে সেবাশ্রমে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল। পরপর এমন ঘটনায় মন্দির সংশ্লিষ্টদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আহত সবিতা বিশ্বাস এই ঘটনার সুষ্ঠু বিচার এবং নিজেদের নিরাপত্তা দাবি করেছেন।
এদিকে একটি সূত্র জানিয়েছে, অভিযুক্ত আশরাফুল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করছে।
এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, "ঘটনার খবর পেয়েছি। বিষয়টি গভীরভাবে তদন্ত করে দ্রুত যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
What's Your Reaction?
বিশ্বজিৎ সিংহ রায়, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ