সাইবার অন্ধকারে বজ্রপাত: ফেক আইডিতে ধর্ম অবমাননার নেপথ্যের মাস্টারমাইন্ড গ্রেফতার

ফরিদপুরের আলফাডাঙ্গায় ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত মূ?

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Apr 18, 2026 - 15:14
Apr 18, 2026 - 05:17
সাইবার অন্ধকারে বজ্রপাত: ফেক আইডিতে ধর্ম অবমাননার নেপথ্যের মাস্টারমাইন্ড গ্রেফতার

ফরিদপুরের আলফাডাঙ্গায় ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত মূল হোতা ও এই অপপ্রচারের নেপথ্যের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের তথ্যপ্রযুক্তিনির্ভর তদন্তের ধারাবাহিকতায় র‍্যাবের সহযোগিতায় পরিচালিত যৌথ অভিযানে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে প্রদীপ পাল (৩৬) কে গ্রেফতার করা হয়। পরে শনিবার (১৮ এপ্রিল) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রামের বাসিন্দা শংকর পালের নাম ব্যবহার করে একটি ফেক ফেসবুক আইডি খুলে পবিত্র কুরআন নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়া হয়। বিষয়টি জানার পর ভুক্তভোগী শংকর পাল নিজেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঘটনার গুরুত্ব অনুধাবন করে দ্রুত তদন্তে নামে আলফাডাঙ্গা থানা পুলিশ। অত্যাধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় এই অপপ্রচারের নেপথ্যের মাস্টারমাইন্ডকে শনাক্ত করা হয়। পরবর্তীতে ১৭ এপ্রিল মধ্যরাতে পুলিশ ও র‍্যাবের সমন্বিত, সুপরিকল্পিত যৌথ অভিযানে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে অভিযুক্ত প্রদীপ পালকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ওসি মোঃ আবুল হাসনাত খান দৃঢ় কণ্ঠে বলেন,ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে,এমন কোনো ন্যক্কারজনক অপপ্রচার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই ঘটনার পেছনের মাস্টারমাইন্ডকে আমরা প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে আইনের আওতায় এনেছি।

তিনি আরও বলেন,সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে অপপ্রচার চালানো একটি গুরুতর অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড সমাজে অস্থিরতা সৃষ্টি করে। সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং কোনো উসকানিমূলক পোস্ট দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।

এ ঘটনায় এলাকায় স্বস্তির আবহ ফিরে এসেছে। সচেতন মহল মনে করছেন, পুলিশ ও র‍্যাবের এই দ্রুত ও কার্যকর তৎপরতা ডিজিটাল অপরাধ দমনে এক শক্ত বার্তা দিয়েছে এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow