ভাইরাল ট্রেন্ডে গা ভাসাতে গিয়ে আইপিএলের গ্যালারিতে লাখ টাকার আংটি খোয়ালেন তরুণী

অনলাইন ডেস্কঃ
Apr 16, 2026 - 12:03
ভাইরাল ট্রেন্ডে গা ভাসাতে গিয়ে আইপিএলের গ্যালারিতে লাখ টাকার আংটি খোয়ালেন তরুণী

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উন্মাদনায় ভাসছে পুরো ভারত। স্টেডিয়ামগুলোতে ক্রিকেটপ্রেমীদের উপচে পড়া ভিড়। তবে গ্যালারিতে বসে শুধু খেলা দেখাই নয়, অনেকেই মেতে ওঠেন সোশ্যাল মিডিয়ার নানা ট্রেন্ডে। আর এমন এক ট্রেন্ডে গা ভাসাতে গিয়েই বড়সড় ক্ষতির মুখে পড়েছেন মধু প্রিয়া নামের এক নারী ক্রিকেট ভক্ত। আইপিএলের গ্যালারিতে বসে ইনস্টাগ্রাম রিলস (Reels) বানাতে গিয়ে তিনি হারিয়েছেন প্রায় এক লাখ টাকা মূল্যের একটি আংটি। 

ঘটনাটি ঘটেছে গত ১১ এপ্রিল চণ্ডীগড়ের মুলানপুর স্টেডিয়ামে, সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচের দিন। মধু প্রিয়া মূলত তারকা ক্রিকেটার শ্রেয়াস আইয়ারের বড় ভক্ত। ওই দিন তিনি শ্রেয়াসের নাম লেখা জার্সি গায়েই খেলা দেখতে এসেছিলেন। গ্যালারিতে বসে তিনি সোশ্যাল মিডিয়ার একটি জনপ্রিয় ট্রেন্ডিং ভিডিও বানানোর চেষ্টা করছিলেন। ওই ট্রেন্ড অনুযায়ী, ভিডিও করার সময় হাতের আংটি শূন্যে ছুঁড়ে দেওয়ার অভিনয় করতে হয়। কিন্তু মজার ছলে ভিডিওটি করতে গিয়ে সত্যি সত্যিই হাত ফসকে আংটিটি নিচে পড়ে যায় এবং হারিয়ে যায়।

হারিয়ে যাওয়া ওই আংটিটির মূল্য ছিল ৭০ হাজার ভারতীয় রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯২ হাজার বা এক লাখ টাকার কাছাকাছি। আংটিটি হারিয়ে চরম হতাশ মধু প্রিয়া পরে সেই ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন। আক্ষেপ করে ক্যাপশনে তিনি লেখেন, "৭০ হাজার রুপির ক্ষতি হয়ে গেল। আংটিটি এখনো খুঁজে পাইনি।" পাশাপাশি স্টেডিয়ামে উপস্থিত কেউ যদি আংটিটি পেয়ে থাকেন, তবে প্রমাণস্বরূপ নিজের টিকিটের তথ্য মিলিয়ে তার সঙ্গে যোগাযোগের অনুরোধও জানিয়েছেন তিনি। 

এদিকে, প্রিয়ার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়লে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করতে শুরু করেন। অনেকেই মজার ছলে মন্তব্যের ঘরে লিখেছেন, "৭০ হাজার রুপির রিলস নিচে পড়ে গেল!" আবার কেউ কেউ বলেছেন, "ভাইরাল ট্রেন্ড শেষ পর্যন্ত ট্র্যাজেডিতে পরিণত হলো।" 

তবে লাখ টাকার আংটি হারিয়ে চরম ক্ষতির সম্মুখীন হলেও, ওই দিন আইপিএলের ম্যাচে তার সমর্থন করা দল পাঞ্জাব কিংস ঠিকই জয়ের দেখা পেয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow