সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহযোগী টুটু গ্রেফতার

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
২৬ আগস্ট, ২০২৫ ২:১৮ পিএম
শেয়ার করুন:
সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহযোগী টুটু গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণ করে এক ছাত্র নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে সাবেক মেয়র ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহযোগী ও বিশেষ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান টুটু (৫৩)–কে গ্রেফতার করেছে সিআইডি।

ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিটের একটি আভিযানিক দল সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ধানমন্ডি থানায় দায়ের করা হত্যা মামলা (মামলা নং–৭, তাং–১৯/০৯/২০২৪ খ্রি., ধারা–৩০২/২০১/৩৪ পেনাল কোড) তদন্ত করছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ।

সিআইডি সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুটু ছাত্র জনতার উপর হামলার ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন। তিনি সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে আন্দোলন দমন কার্যক্রমে সক্রিয় ছিলেন। মামলার তদন্তে আরও প্রমাণ মিলেছে যে, নিহত ছাত্র আব্দুল্লা সিদ্দিক হত্যাকাণ্ডে টুটু সরাসরি জড়িত ছিলেন।

ঘটনার দিন গুলিবিদ্ধ হয়ে আব্দুল্লা সিদ্দিক মাটিতে লুটিয়ে পড়লে সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আওয়ামীপন্থি সন্ত্রাসীরা তার মরদেহ গুম করার চেষ্টা চালায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ফাইয়াজ আহমেদ রাতুল আদালতে লিখিত অভিযোগ দায়ের করলে আদালতের নির্দেশে ধানমন্ডি থানায় মামলাটি রুজু হয়।

এর আগে ১৫ মে ২০২৫ তারিখে তাপসের আরেক সহযোগী এস এম কামাল হায়দার এবং ১৭ জুন ২০২৫ তারিখে মো. খোরশেদ আলমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছিল।

সিআইডি জানিয়েছে, আসামি মোস্তাফিজুর রহমান টুটুকে আদালতে সোপর্দ করে তার ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার রহস্য উদঘাটন, অন্যান্য আসামিদের সনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।