ইন্দুরকানী ফায়ার সার্ভিসের নামফলকে অচল নম্বর : জরুরি মুহূর্তে বিভ্রাট

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২৭ জুন, ২০২৫ ১:৫৫ পিএম
শেয়ার করুন:
ইন্দুরকানী ফায়ার সার্ভিসের নামফলকে অচল নম্বর : জরুরি মুহূর্তে বিভ্রাট

পিরোজপুরের ইন্দুরকানী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নামফলকে এখনও ঝুলছে একটি অচল মোবাইল নম্বর—যা দীর্ঘদিন ধরেই নিষ্ক্রিয়। ফলে অগ্নিকাণ্ড কিংবা দুর্ঘটনার মতো জরুরি মুহূর্তে সহায়তা চাইতে গিয়ে সাধারণ মানুষ পড়ছেন চরম বিপাকে। ফায়ার সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এ ধরনের উদাসীনতা জনমনে তৈরি করেছে চরম ক্ষোভ ও উদ্বেগ।

জানা গেছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৩ সালের ১ জুন থেকে দেশব্যাপী ফায়ার স্টেশনগুলোতে গ্রামীণফোনের পরিবর্তে বাংলালিংকের করপোরেট সিম চালু করা হয়। সেই অনুযায়ী ইন্দুরকানী স্টেশনেও পূর্বের নম্বর বাদ দিয়ে নতুন নম্বর ০১৯০১০২৩৯৭৩ চালু করা হয়। কিন্তু দুই বছর পার হলেও স্টেশনের বাইরে থাকা নামফলকে এখনও ঝুলছে পুরনো গ্রামীণফোন নম্বরটি, যা বর্তমানে সম্পূর্ণ অকার্যকর।

এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার সময় নামফলকে দেওয়া নম্বরে বারবার ফোন দিয়েও কোনো সাড়া মেলে না। ফলে অনেকেই বাধ্য হন স্টেশনে গিয়ে সরাসরি খবর দিতে, ততক্ষণে ঘটতে পারে বড় ধরনের ক্ষয়ক্ষতি।

বালিপাড়া ইউনিয়নের বাসিন্দা জাহিদ হাসান বলেন, “এক আত্মীয়ের বাড়িতে আগুন লাগার সময় তাড়াতাড়ি সাহায্যের জন্য নামফলকের নম্বরে ফোন দিই। কিন্তু কোনোভাবেই যোগাযোগ সম্ভব হয়নি। পরে বাইকে করে ফায়ার সার্ভিসে গিয়ে জানাতে হয়।”

এ বিষয়ে জানতে চাইলে ইন্দুরকানী ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার নুরুজ্জামান শরীফ বলেন, “করপোরেট সিম পরিবর্তনের পর আমরা নতুন নম্বরেই কাজ করছি। কিন্তু নতুন নামফলক তৈরির জন্য প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় এখনও পুরনো নম্বরটি ঝুলছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যেই নতুন নম্বরটি নামফলকে যুক্ত করা হবে।”

স্থানীয় সচেতন নাগরিকদের মতে, এমন গাফিলতি শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, এটি মানুষের জীবন ও সম্পদের জন্য হুমকিস্বরূপ। তারা দ্রুত নামফলক হালনাগাদ করে সচল নম্বর প্রদর্শনের পাশাপাশি তা গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারের দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।