পিরোজপুরে ডুবে থাকা জাহাজ থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

অনলাইন ডেস্কঃ
১৫ জুন, ২০২৬ ১২:৩১ পিএম
শেয়ার করুন:
পিরোজপুরে ডুবে থাকা জাহাজ থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

পিরোজপুরের জিয়ানগরে একটি ডুবে থাকা জাহাজের ভেতর থেকে মো. আব্দুল্লাহ পশারী (২২) নামের এক নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। 

গতকাল রবিবার (১৪ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার পারেরহাট ইউনিয়নের উমেদপুর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল্লাহ উমেদপুর গ্রামের আলাল পশারীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন আব্দুল্লাহ। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছিলেন না। একপর্যায়ে পারেরহাট মৎস্য বন্দর এলাকায় দুর্ঘটনাকবলিত হয়ে ডুবে থাকা ‘এমভি গ্রীন এসট্রল-১’ নামের একটি জাহাজের পাশে রাখা ডিঙ্গি নৌকায় আব্দুল্লাহর ব্যবহৃত জুতা দেখতে পান তার বড় ভাই রানা পশারী। পাশাপাশি জাহাজের সিঁড়ির ওপর আব্দুল্লাহর মোবাইল ফোনটিও পড়ে থাকতে দেখেন তিনি। এ ঘটনার পর গত ১৩ জুন জিয়ানগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন রানা।

নিহতের বড় ভাই রানা পশারী জানান, "আমার ভাই তিন দিন ধরে নিখোঁজ ছিল। আমরা থানায় জিডিও করেছিলাম। কিন্তু সে ওই জাহাজের কাছে কেন এবং কীভাবে গিয়েছিল, তা আমাদের জানা নেই। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই পরিষ্কার হবে।"

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাব্বত খান জানান, পরিবারের করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে আব্দুল্লাহকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে চিঠি দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল যৌথ অভিযান চালিয়ে ডুবে থাকা ওই জাহাজের ভেতর থেকে তার অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে।

ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।