আলীকদমে ওয়ার্কশপের ভেতর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আবু জুয়েল নুরখান, আলীকদম প্রতিনিধি, বান্দরবানঃ
২৭ জুন, ২০২৫ ১১:৩২ এএম
শেয়ার করুন:
আলীকদমে ওয়ার্কশপের ভেতর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বান্দরবানের আলীকদম উপজেলা সদরের সুলতান ডিলার মার্কেটের একটি ওয়ার্কশপের ভেতর থেকে রিপন দে (২৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) রাত আনুমানিক ১০টার দিকে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ এটি আত্মহত্যা বলে ধারণা করছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রিপন দে আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে চকরিয়া-আলীকদম সড়কের পূর্ব পাশে সুলতান ডিলার মার্কেটের ওয়ার্কশপ দোকানের মালিক ছিলেন।

রাত ১০টার দিকে রিপনের স্ত্রী পম্পি দে (২৩) ও পাশের দোকানদার সাইফুল ইসলাম দোকানে এসে তাকে দোকানের ওপর কাঠের বিমের সঙ্গে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়।

এর আগে, সকাল ৮টায় নাস্তা করে বাসা থেকে বের হন রিপন। সকাল ৮টা ৪৫ মিনিটে দোকানের অস্থায়ী মিস্ত্রি আরফানকে ফোন করে কাজে ডাকার পর থেকেই আর কোনো খোঁজ মেলেনি তার। দুপুরে স্ত্রী একাধিকবার ফোন দিলেও সাড়া মেলেনি। সন্ধ্যা পর্যন্ত কোনো যোগাযোগ না পেয়ে রাত ১০টায় স্ত্রী দোকানে গিয়ে মরদেহ দেখতে পান।

খবর পেয়ে আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রস্তুতের পর আইনগত প্রক্রিয়া চলছে।

নিহত রিপন দে নারায়ণ চন্দ্র দে ও ফারুলি বালা দে-এর ছেলে। তার স্থায়ী ঠিকানা আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের রঞ্জিত মহাজন পাড়া, ৫নং ওয়ার্ড। তবে তিনি অস্থায়ীভাবে আলীকদম বাজারের নাছির চেয়ারম্যানের বাসায় বসবাস করতেন।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তবে এটি নিছক আত্মহত্যা না অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।