ফরিদপুরে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে স্মরণানুষ্ঠান ও র‍্যালি

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৭ অক্টোবর, ২০২৬ ১২:৫৬ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে স্মরণানুষ্ঠান ও র‍্যালি

বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে লালন স্মরণানুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে। 

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমিতে এসে শেষ হয়। 

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আজম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিশকাতুল জান্নাত রাবেয়া, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশিদুল আলম তুহিন, বাউলশিল্পী পাগলা বাবলু খান এবং বাউল নিজাম সাঁই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজিত কুমার দাস।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাউলসম্রাট ফকির লালন সাঁই ছিলেন একজন মহান মানবতাবাদী সাধক। তাঁর জীবনদর্শন মানুষকে অসাম্প্রদায়িকতা, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধার শিক্ষা দেয়। লালনের সাহিত্য ও মানবতাবাদী দর্শন নিজেদের জীবনে ধারণ করে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমেই একটি মানবিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠন করা সম্ভব।

বক্তারা আরও বলেন, লালনের জীবন ও কর্ম নিয়ে প্রাতিষ্ঠানিক গবেষণার সুযোগ তৈরি করা এখন সময়ের দাবি। এ সময় বক্তারা ফরিদপুরে লালন গবেষণাগার প্রতিষ্ঠা এবং একটি নান্দনিক স্মৃতিস্থাপনা নির্মাণের আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে দেশের ৬৪টি জেলাতেই লালন স্মরণানুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়ায় সরকারের প্রতি সাধুবাদ জানান এবং সুন্দর আয়োজনের জন্য ফরিদপুর জেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বাউলশিল্পীরা লালন সাঁইয়ের জনপ্রিয় ও আধ্যাত্মিক গান পরিবেশন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।