নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: সুধারাম থানার ওসি ক্লোজড, ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
৮ জুন, ২০২৬ ১:০৩ পিএম
শেয়ার করুন:
নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: সুধারাম থানার ওসি ক্লোজড, ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালীতে আওয়ামী লীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা এবং রাজনৈতিক উত্তেজনার জেরে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলামকে পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। তাঁর স্থলে ফেনীর সোনাগাজী থানার ওসি মো. কামরুল ইসলামকে পুনরায় সুধারাম মডেল থানার দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে, গত দুই দিনে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের ৫৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ও কালাদরাপ ইউনিয়নে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এর সূত্র ধরে সদর উপজেলায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল এবং এওজবালিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থকদের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। একপর্যায়ে কালাদরাপ ইউনিয়নের চেয়ারম্যান সেলিমের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় স্থানীয় গ্রামবাসী প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পিছু হটে এবং ঘটনাস্থলে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

উদ্ভূত পরিস্থিতিতে শনিবার গভীর রাত থেকে রবিবার ভোর পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের মোট ৫৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের এই তৎপরতার পরও নোয়াখালী জেলা বিএনপি অসন্তোষ প্রকাশ করেছে বলে জানা গেছে। 

রবিবার (৭ জুন) সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) টি.এম. মোশাররফ হোসেন জানান, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

ওসি বদলির বিষয়ে পুলিশ সুপার বলেন, ‘এটি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। সুধারাম মডেল থানার ওসিকে পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে এবং নতুন ওসি হিসেবে মো. কামরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

একই আদেশে সুধারাম মডেল থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম ভট্টাচার্যকে হাতিয়া থানার ওসি (তদন্ত) এবং হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমানকে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।