আলফাডাঙ্গার উন্নয়নে ৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা এমপি ইলিয়াস মোল্লার

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
২৫ অক্টোবর, ২০২৬ ১০:৫১ এএম
শেয়ার করুন:
আলফাডাঙ্গার উন্নয়নে ৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা এমপি ইলিয়াস মোল্লার

ফরিদপুরের আলফাডাঙ্গার সার্বিক উন্নয়ন ও অবকাঠামোগত পরিবর্তনের জন্য প্রায় পাঁচ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা। তিনি স্পষ্ট ভাষায় বলেন, কোনো নির্বাচনী এলাকা বিরোধী দলের সংসদ সদস্যের হলেও সেখানকার মানুষকে উন্নয়নবঞ্চিত করার কোনো সুযোগ নেই। উন্নয়ন সবার ন্যায্য ও নাগরিক অধিকার।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় আলফাডাঙ্গা পৌরসভার পরিবহন কাউন্টার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা পৌর শাখা আয়োজিত এক চা-চক্র ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, “আপনারা এলাকার যেসব সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেছেন, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। একসঙ্গে সব কাজ করা সম্ভব না হলেও আলফাডাঙ্গার টেকসই উন্নয়নের স্বার্থে অগ্রাধিকার ভিত্তিতে ধাপে ধাপে সব দাবি বাস্তবায়ন করা হবে।” 

বিরোধী দলের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, “বাস্তবতা হলো, বিরোধী দলের আসনে প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন বরাদ্দ পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। তবুও আলফাডাঙ্গার মানুষের ন্যায্য অধিকার আদায় এবং কাঙ্ক্ষিত বরাদ্দের জন্য আমি আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”

সড়ক যোগাযোগ ও অন্যান্য অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, পৌরসভার সঙ্গে আঞ্চলিক মহাসড়কের সংযোগ আরও সহজ ও আধুনিক করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও গ্রামীণ সড়কের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে দ্রুত বৈঠক করে ৫ কোটি টাকার বরাদ্দের আওতায় অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো যাচাই-বাছাই শেষে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আলফাডাঙ্গা পৌর মেয়র পদপ্রার্থী মুন্সী বিল্লাল হুসাইন বলেন, “পৌরসভার নাগরিক ভোগান্তি দূর করতে এবং যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আলফাডাঙ্গাকে একটি আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করতে হবে।”

বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা পৌর শাখার আমির ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. জাবেদ হোসাইন, পৌর ছাত্রশিবিরের সভাপতি মো. ইউসুফ, অফিস সম্পাদক মো. আবু তালহা, পেশাজীবী সংগঠনের সভাপতি মাওলানা বরকত এবং পৌর যুব বিভাগের সভাপতি মো. মুজাহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাকর্মীরা। 

সভায় স্থানীয় নাগরিকরা বিভিন্ন সড়ক সংস্কার ও অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরলে সংসদ সদস্য পর্যায়ক্রমে সেগুলো সমাধানের সুনির্দিষ্ট আশ্বাস দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।