নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অনলাইন ডেস্কঃ
৮ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫০ পিএম
শেয়ার করুন:
নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

চার্টার্ড বিমানকে ‘খেলনা’র সঙ্গে তুলনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গ করায় আইনি ঝামেলায় পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। বিমান পরিষেবাদানকারী একটি সংস্থার বাণিজ্যিক সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে তাঁর বিরুদ্ধে আহমেদাবাদের গান্ধীনগর আদালতে ৩ কোটি টাকার দেওয়ানি মানহানির মামলা দায়ের করা হয়েছে। 

হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদন অনুযায়ী, মামলাটি দায়ের করেছে বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা ‘ডুন্স অ্যাভিয়েশন’।

ঘটনার সূত্রপাত:  
সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার উদ্দেশে একটি ‘সেসনা সাইটেশন সিজে-২’ চার্টার্ড বিমানে ওঠেন নোরা ফাতেহি। সে সময় বিমানে ওঠার কিছু মুহূর্তের ভিডিও ধারণ করেন তিনি। পরবর্তীতে ইনস্টাগ্রামে থাকা তাঁর প্রায় ৪ কোটি ৭০ লাখ অনুসারীর সঙ্গে ভিডিওটি শেয়ার করেন। সেখানে তিনি বিমানটিকে খেলনা বা শিশুদের ‘লেগো বিমান’-এর সঙ্গে তুলনা করে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন।

বিমান সংস্থার অভিযোগ: 
মামলার আবেদনে ‘ডুন্স অ্যাভিয়েশন’ দাবি করেছে, বিমানটি তাদের শ্রেণির একটি আন্তর্জাতিক ও মানসম্মত উড়োজাহাজ। নোরা ফাতেহির মতো একজন প্রভাবশালী তারকার এমন দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন মন্তব্যের কারণে বাজারে সংস্থাটির বাণিজ্যিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হয়েছে। 

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ঘটনাটির জেরে গান্ধীনগরের একটি আদালতে মামলা দায়ের করা হয়, যার পরবর্তী শুনানি আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অন্যান্য বিতর্ক: 
বলিউডের ‘দিলবার’ ও ‘ও সাকি সাকি’র মতো তুমুল জনপ্রিয় গানের মাধ্যমে পরিচিতি পাওয়া নোরা ফাতেহি সাম্প্রতিক সময়ে আরও একটি বিতর্কের মুখোমুখি হয়েছিলেন। ‘সারকে চুনার তেরি সারকে’ নামের একটি কন্নড় গানের অশালীন কথার কারণে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। তবে সে সময় ভাষার সীমাবদ্ধতার কারণে গানের অর্থ বুঝতে পারেননি বলে আত্মপক্ষ সমর্থন করেছিলেন এই অভিনেত্রী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।