কুলিয়ারচরে চুরির অভিযোগে ধাওয়া খেয়ে পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্কঃ
১১ জুন, ২০২৬ ১০:৫৯ এএম
শেয়ার করুন:
কুলিয়ারচরে চুরির অভিযোগে ধাওয়া খেয়ে পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে চুরির অভিযোগে ধাওয়া খেয়ে একটি পাঁচতলা ভবন থেকে নিচে পড়ে আকাশ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে কুলিয়ারচর পৌর শহরের জামান টাওয়ারে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত আকাশ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চারারবন এলাকার জুয়েল মিয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার প্রায় আধা ঘণ্টা আগে কুলিয়ারচর মডেল মসজিদ থেকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) পাইপ ও বৈদ্যুতিক তার চুরির অভিযোগে স্থানীয় লোকজন আকাশকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে তিনি সেখান থেকে পালিয়ে কুলিয়ারচর বাজারের পাঁচতলা বিশিষ্ট ‘জামান টাওয়ার’ ভবনে গিয়ে আশ্রয় নেন। ভবনের ভেতরে তাকে দেখতে পেয়ে কয়েকজন ‘চোর চোর’ বলে আবারও ধাওয়া দেয়। এ সময় পালানোর চেষ্টা করতে গিয়ে অসাবধানতাবশত তিনি পাঁচতলা থেকে নিচে পড়ে যান।

নিচে পড়ার সময় আকাশ প্রথমে সেখানে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশার ওপর আছড়ে পড়েন এবং পরে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর পুরো এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কুলিয়ারচর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হবে এবং এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।