‘সাড়ে চার কোটি তারুণ্যের শক্তি ঐক্যবদ্ধ হলে দেশে পরিবর্তন আসবে’: এনসিপি নেতা অপু ঠাকুর

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
২৫ অক্টোবর, ২০২৬ ১০:৪৭ এএম
শেয়ার করুন:
‘সাড়ে চার কোটি তারুণ্যের শক্তি ঐক্যবদ্ধ হলে দেশে পরিবর্তন আসবে’: এনসিপি নেতা অপু ঠাকুর

দেশের প্রায় সাড়ে চার কোটি তরুণ যদি নিজেদের শক্তিতে ঐক্যবদ্ধ হয়, তবে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসতে বাধ্য—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান অপু (অপু ঠাকুর)। 

সাংগঠনিক শৃঙ্খলা জোরদার ও তৃণমূল পর্যায়ে কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গায় এনসিপির উপজেলা শাখা আয়োজিত এক সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আলফাডাঙ্গা উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুল জলিল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাসিবুর রহমান অপু বলেন, "আমরা যুবকদের নিয়ে যুবশক্তি, কৃষকদের নিয়ে কৃষকশক্তি এবং নারীদের নিয়ে নারীশক্তি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এই বিশ্বাসকে আমরা ধারণ করি এবং চিন্তা-চেতনায় লালন করি।" 

তরুণ প্রজন্ম যেভাবে সমাজ ও দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবছে, তার প্রশংসা করে তিনি বলেন, "তারুণ্যের সম্মিলিত শক্তিই পারে বাংলাদেশকে বদলে দিতে। তবে সেই পরিবর্তনের ঐতিহাসিক দায়িত্ব তরুণদেরকেই নিজেদের কাঁধে তুলে নিতে হবে। ইউরোপ-আমেরিকায় জন্ম না নেওয়া নিয়ে হতাশ হওয়ার সুযোগ নেই; এই দেশ আমাদের, তাই এর ভবিষ্যৎ গড়ার দায়িত্ব অন্যের ওপর ছেড়ে দিলে চলবে না।"

উন্নয়ন কর্মকাণ্ডে অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, "পাঁচ কোটি টাকার একটি সড়ক নির্মাণে ঠিকাদারের নির্ধারিত লাভ ৫০ লাখ টাকা বাদ দিলে বাকি সাড়ে চার কোটি টাকাই জনগণের কাজে ব্যয় হওয়ার কথা। কিন্তু সেই অর্থ থেকে নেতা, রাজনৈতিক দল কিংবা সাংবাদিকদের যদি ভাগ দিতে হয়, তবে দুর্নীতিমুক্ত দেশ গড়া কোনোদিনই সম্ভব নয়।" জনগণের টাকা শতভাগ জনগণের স্বার্থেই ব্যয়ের আহ্বান জানিয়ে তিনি ভাগ-বাঁটোয়ারার সংস্কৃতি বন্ধের দাবি জানান।

৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, "এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যে 'নতুন রাজনৈতিক বন্দোবস্তের' কথা বলেছিলেন, তার মূল অর্থই হলো এমন একটি সমাজ—যেখানে কোনো প্রতিষ্ঠান দলীয়করণের শিকার হবে না, দুর্নীতি থাকবে না এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব বণ্টন হবে।" ক্ষমতা বা ব্যক্তিস্বার্থের বদলে মানুষের কল্যাণে নিয়োজিত দায়বদ্ধ রাজনীতির ওপর তিনি গুরুত্বারোপ করেন।

উপজেলা এনসিপির যুগ্ম সদস্যসচিব মিলন মোল্লার সঞ্চালনায় সমন্বয় সভায় আরও বক্তব্য দেন ফরিদপুর জেলা এনসিপির সদস্যসচিব সাঈফ হাসান খান (সাকিব), সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা, জাতীয় যুবশক্তির জেলা সংগঠক জুনায়েদ মাহমুদ ও যুবনেতা নাঈম। সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।