ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল

অনলাইন ডেস্কঃ
৮ সেপ্টেম্বর, ২০২৬ ৫:১১ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল

দক্ষ, সুশৃঙ্খল ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়ে তোলার প্রত্যয় নিয়ে ফরিদপুরে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত ‘মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর’ (এমসিএসএফ)। বিদ্যমান ক্যাডেট কলেজগুলোর অনুরূপ পরিবেশে গড়ে ওঠা এই ইংরেজি ভার্সনের আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ইতোমধ্যে সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠদান শুরু হয়েছে। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রতিষ্ঠানটির সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এমসিএসএফের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আখতার উস সামাদ রাফি। সংবাদ সম্মেলনে তিনি প্রতিষ্ঠানটির সার্বিক শিক্ষা কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

অধ্যক্ষ জানান, ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকায় প্রায় ১৮ একর জমির ওপর নান্দনিক পরিবেশে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। চলতি বছরের ২৪ এপ্রিল অনলাইনে ভর্তি কার্যক্রম শুরুর পর কঠোর যাচাই-বাছাই শেষে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে গত ১২ আগস্ট থেকে নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হয়। এর আগে গত ২৩ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এ শিক্ষাপ্রতিষ্ঠানটি। শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইভিত্তিক ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি, দায়িত্ববোধ, কঠোর শৃঙ্খলা, দেশপ্রেম, ক্রীড়া ও ডিজিটাল লিটারেসিতে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। আধুনিক শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনের প্রয়োজনীয় গুণাবলি বিকাশে এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। 

প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে অধ্যক্ষ বলেন, চলমান অবকাঠামোগত উন্নয়নকাজ সম্পন্ন হওয়া সাপেক্ষে আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এখানে ‘গার্লস উইং’ চালু করার পরিকল্পনা রয়েছে। এছাড়া এই প্রতিষ্ঠানকে ঘিরে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান, পরিবহন, শিক্ষা উপকরণ ও বিভিন্ন সেবা খাতের প্রসার ঘটবে, যা সামগ্রিকভাবে ফরিদপুরের আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুরের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন শেখ নাহিদ হাসান প্রত্যয়, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রতিষ্ঠানটির আধুনিক শ্রেণিকক্ষ, সুরম্য স্থাপনা ও আবাসিক হোস্টেলসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ঘুরে দেখানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।