সৌদি আরবে ওমরাহে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: সালথা উপজেলার মা ও দুই সন্তানের করুণ মৃত্যু

সালথা প্রতিনিধিঃ
২৩ জুলাই, ২০২৬ ১১:১০ পিএম
শেয়ার করুন:
সৌদি আরবে ওমরাহে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: সালথা উপজেলার মা ও দুই সন্তানের করুণ মৃত্যু

সৌদি আরবের রিয়াদ থেকে পবিত্র ওমরাহ হজ পালন করতে মক্কায় যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক পরিবারের মা, ছেলে ও মেয়েসহ ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গাড়ির চালকের আসনে ও সামনে থাকা বাবা ও বড় ছেলে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন। 

বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে দেশটির রিয়াদ-মক্কা মহাসড়কে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পুঠিয়া গ্রামের বাসিন্দা নাজিমুদ্দিন মোল্যার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তাঁর ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫)। দুর্ঘটনায় তানিয়ার স্বামী শফিকুল ইসলাম খোকন ও তাঁদের বড় ছেলে নাবিল আহত হয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত তানিয়ার স্বামী শফিকুল ইসলাম খোকনের মূল বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে এবং তাঁরা ঢাকার উত্তরার বাসিন্দা। তিনি গত প্রায় ২৬ বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন এবং একটি স্বনামধন্য কোম্পানিতে ব্যবস্থাপক পদে কর্মরত আছেন। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে রিয়াদ শহরেই বসবাস করে আসছিলেন।

বৃহস্পতিবার সকালে রিয়াদ থেকে পরিবার নিয়ে নিজের একটি প্রাইভেটকারে করে ওমরাহ হজের উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হন শফিকুল ইসলাম। রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার পথ যাওয়ার পর একটি দ্রুতগতির বড় গাড়ি তাঁদের প্রাইভেটকারটির পেছন দিক থেকে সজোরে সওয়ার হয়ে ধাক্কা দেয়। এতে কারটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তানিয়া ও তাঁর ছোট দুই সন্তান মারা যান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহত তানিয়া তাহমিনা রিনার ভাই তৌহিদ মোহাম্মাদ মুরাদ রাত সাড়ে ৯টার দিকে জানান, "আমার ভগ্নিপতি ও বড় ভাগনে প্রাইভেটকারটির সামনের আসনে বসা ছিলেন। পেছন থেকে সজোরে ধাক্কা দেওয়ায় পেছনের আসনে থাকা আমার বোন ও তাঁর দুই সন্তান ঘটনাস্থলেই প্রাণ হারান। সামনে থাকায় ভগ্নিপতি ও বড় ভাগনে বেঁচে গিয়েছেন। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।"

মর্মান্তিক এই দুর্ঘটনার খবরে সালথায় নিহত তানিয়ার বাবার বাড়ি ও ভৈরবে শফিকুল ইসলামের গ্রামের বাড়িতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।