সদরপুরে জমি বিরোধের জেরে হামলা ও প্রাণনাশের হুমকি, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ
২১ জুলাই, ২০২৬ ৪:৫৩ পিএম
শেয়ার করুন:
সদরপুরে জমি বিরোধের জেরে হামলা ও প্রাণনাশের হুমকি, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ফরিদপুরের সদরপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক পরিবার। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় সদরপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাসিন্দা ভুক্তভোগী রুহুল মোল্লা।

লিখিত বক্তব্যে রুহুল মোল্লা অভিযোগ করেন, ঢেউখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক বেপারী, দিদার চৌকিদার, লাবু চৌকিদার ও আবুল চৌকিদারের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে গত ১৭ জুলাই বিকেল আনুমানিক ৫টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁর বাড়িতে আকস্মিক প্রবেশ করে। হামলাকারীরা রুহুল মোল্লা, তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যদের ওপর বর্বর হামলা চালায়। এ সময় বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে ক্ষয়ক্ষতি করা হয় বলেও তিনি দাবি করেন।

রুহুল মোল্লা আরও জানান, হামলার পর স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তাঁরা সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার পরামর্শ দেন। পরবর্তীতে এ ঘটনায় প্রতিকার চেয়ে তিনি সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অভিযোগ করে বলেন, থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর থেকে প্রতিপক্ষরা চরম ক্ষিপ্ত হয়ে উঠেছে। অভিযোগ তুলে নিতে এবং পুরো বিষয়টি ধামাচাপা দিতে তারা বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। এমনকি বর্তমানে তাঁকে ও তাঁর পরিবারকে অবিরত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, যার ফলে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এই অবস্থায় ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী রুহুল মোল্লা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।