প্রশাসনিক কাজে জবাবদিহি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
১০ জুন, ২০২৬ ৪:৩৪ পিএম
শেয়ার করুন:
প্রশাসনিক কাজে জবাবদিহি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১০ জুন) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (প্রথম বাজেট) অধিবেশনের চতুর্থ দিনে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে তিনি এই আহ্বান জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে বিকেল তিনটায় এই সংসদ অধিবেশন শুরু হয়।

অধিবেশন চলাকালে সংসদ সদস্য আবুল কালাম প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, সম্প্রতি জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে দুর্নীতি দমন ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বেশ কিছু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে নেওয়া সেই গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো আসলে কী কী?

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের দেওয়া তাঁর মূল নির্দেশনাগুলো তুলে ধরেন। 

প্রধানমন্ত্রী জানান, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' বা শূন্য সহনশীলতা নীতি বজায় রাখতে হবে। দুর্নীতি প্রতিরোধে যেমন সচেতনতা বাড়াতে হবে, তেমনি যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর দমনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রতা পরিহার করে দ্রুত বাস্তবসম্মত ও জনকল্যাণমুখী সিদ্ধান্ত নিতে হবে। নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে যেকোনো ধরনের স্বজনপ্রীতি বা অনিয়ম দূর করে সততা, মেধা ও দক্ষতাকে একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে। এছাড়া প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বাড়াতে প্রয়োজনীয় সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করা জরুরি।

জনসাধারণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারি সেবা প্রদান প্রক্রিয়াকে আরও সময়োপযোগী, দক্ষ ও স্বচ্ছ করতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে হবে। সরকারি সেবা যেন সম্পূর্ণ হয়রানিমুক্ত, বিলম্বহীন এবং স্বচ্ছ থাকে, তা নিশ্চিত করতে কঠোর তদারকি করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে, আইন লঙ্ঘনের যেকোনো ঘটনায় তাৎক্ষণিক আইনি পদক্ষেপ গ্রহণসহ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্মকর্তাদের সর্বদা তৎপর থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।