পুনরায় মোহামেডানের পরিচালক হলেন মাসুদুজ্জামান
ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। ক্লাবের সভাপতিসহ ১৭ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) নির্ধারিত সময়ের মধ্যে অন্যান্য প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় এই নতুন নেতৃত্ব চূড়ান্ত হয়।
নির্বাচনে ক্লাবের সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বরকতউল্লা বুলু। এছাড়া বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বিএনপি নেতা মো. মাসুদুজ্জামান পুনরায় পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। তার সঙ্গে আরও ১৫ জন পরিচালকও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজ নিজ পদে বিজয়ী হয়েছেন।
আগামী সোমবার (৯ মার্চ) ঢাকা ক্লাবে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে।
ক্রীড়াঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ মো. মাসুদুজ্জামান মোহামেডান স্পোর্টিং ক্লাবের দীর্ঘদিনের পথচলার সঙ্গী। তিনি ক্লাবের ক্রিকেট কমিটির সাবেক সেক্রেটারি এবং সাবেক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ২০২১ সাল থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান এবং ২০২৫ সাল থেকে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ২০২২ সাল থেকে ঢাকা লেওপার্ডসের চেয়ারম্যান হিসেবেও তার সফল নেতৃত্ব অব্যাহত রয়েছে। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিসিডিএম-এর সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
রাজনৈতিক অঙ্গনেও মাসুদুজ্জামান বেশ সক্রিয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসন থেকে তিনি বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। তবে পরবর্তীতে ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।
দেশের ক্রীড়াঙ্গনে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জনপ্রিয়তা ও ঐতিহ্য দীর্ঘদিনের। নতুন এই পরিচালনা পর্ষদের হাত ধরে ক্লাবটি আগামী দিনে আরও এগিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা করছেন ক্লাব সংশ্লিষ্টরা ও শুভানুধ্যায়ীরা।
What's Your Reaction?
খেলা ডেস্কঃ