জাতীয় নৃত্য প্রতিযোগিতায় সেরা দশে আলফাডাঙ্গার ‘বেগম ছালেহা একাডেমি’

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
৮ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪১ পিএম
শেয়ার করুন:
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় সেরা দশে আলফাডাঙ্গার ‘বেগম ছালেহা একাডেমি’

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিয়েই চমক দেখিয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গার ‘বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি’। দেশব্যাপী আয়োজিত জাতীয় নৃত্য প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের নৃত্যদলকে পেছনে ফেলে সেরা দশের তালিকায় স্থান করে নিয়েছে প্রত্যন্ত অঞ্চলের এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে নৃত্য সংগঠন ‘নৃত্যময়’ আয়োজিত দিনব্যাপী জাতীয় নৃত্য উৎসব ও প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা বাছাইকৃত নৃত্যদলগুলো অংশ নেয়।

প্রতিযোগিতার ‘ক’ শাখার দলীয় লোকনৃত্য বিভাগে অংশ নিয়ে নজরকাড়া পারফরম্যান্স উপহার দেয় বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমি। একাডেমির চার ক্ষুদে নৃত্যশিল্পী—প্রজ্ঞা পারমিতা বিশ্বাস, বন্দনা বিশ্বাস, অংকিতা বিশ্বাস ও রাখী কুন্ডুর ছন্দময় ও মনোমুগ্ধকর পরিবেশনা বিচারকদের ভূয়সী প্রশংসা কুড়ায়। তাদের অনন্য এই পরিবেশনাই একাডেমিকে এনে দেয় দেশসেরা দশ নৃত্যদলের সম্মানজনক স্বীকৃতি।

সাফল্যের অনুভূতি জানিয়ে একাডেমির কোরিওগ্রাফার পিকুল সরকার বলেন, “ক্ষুদে শিল্পীদের নিয়মিত অনুশীলন ও কঠোর পরিশ্রমের ফলেই আজকের এই প্রাপ্তি। প্রথমবার জাতীয় পর্যায়ের বড় মঞ্চে দাঁড়িয়ে এমন সাফল্য অর্জন আমাদের ভবিষ্যতের জন্য অনেক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।”

বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমির রেক্টর প্রবীর কুমার বিশ্বাস বলেন, “একটি প্রত্যন্ত অজপাড়াগাঁ থেকে গিয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় এমন গৌরবজনক স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এ অর্জন আলফাডাঙ্গার সংস্কৃতিচর্চাকে আরও বহুদূর এগিয়ে নেবে। সঠিক পরিচর্যা ও সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে আমাদের এই ক্ষুদে প্রতিভারা আগামী দিনে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের সুনাম বয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি।”

এদিকে প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদে শিল্পীদের এই অনন্য সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আলফাডাঙ্গার স্থানীয় সংস্কৃতিপ্রেমী ও সুধীজনেরা। তারা কৃতী নৃত্যশিল্পীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, সুযোগ ও যথাযথ প্রশিক্ষণ পেলে প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও যে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে, এটি তারই বড় প্রমাণ। বেগম ছালেহা সাংস্কৃতিক একাডেমির এ অর্জন আলফাডাঙ্গার সাংস্কৃতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।