হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ১৩

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
৭ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১২ পিএম
শেয়ার করুন:
হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ১৩

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে হঠাৎ ১৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। পরে তাদের মধ্যে গুরুতর অবস্থায় ১৩ জনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার তমরদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের মধ্যে রয়েছে—ফাতেমা বেগম (১২), নিপা আক্তার (১২), মেহেরাব উদ্দিন (১১), ফারহানা আক্তার (১২), জামেলা বেগম (১৪), সুরাইয়া আক্তার (১৩) ও পারভিন আক্তার (১৫)। তারা সবাই তমরদ্দি জোড়খালী গ্রামের বাসিন্দা।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টায় বিদ্যালয়টিতে যথারীতি পাঠদান শুরু হয়। এর প্রায় এক ঘণ্টা পর হঠাৎ সপ্তম শ্রেণির চারজন ছাত্রী অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তাৎক্ষণিকভাবে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলে তারা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। কিন্তু এর কিছুক্ষণ পরই দশম শ্রেণির একজন শিক্ষার্থীসহ ষষ্ঠ ও সপ্তম শ্রেণির আরও বেশ কয়েকজন শিক্ষার্থী একইভাবে অসুস্থ হয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত তাদের মধ্যে ১৩ জনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

জোড়খালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দিন বলেন, “অসুস্থ ১৩ জন শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকেই এখন আশঙ্কামুক্ত রয়েছে। স্যালাইন শেষ হলে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। তবে ঠিক কী কারণে শিক্ষার্থীরা হঠাৎ এভাবে অসুস্থ হয়ে পড়ল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল জানান, খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, “শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রেণিকক্ষে ছড়িয়ে পড়া কোনো ঝাঁজালো বা তীব্র গন্ধের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।