আলফাডাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও লোকনাথ বাবার আবির্ভাব তিথি উদ্‌যাপিত

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
৪ সেপ্টেম্বর, ২০২৬ ৫:০২ পিএম
শেয়ার করুন:
আলফাডাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও লোকনাথ বাবার আবির্ভাব তিথি উদ্‌যাপিত

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ফরিদপুরের আলফাডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ও শ্রীশ্রী লোকনাথ বাবার আবির্ভাব তিথি উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নানা ধর্মীয় ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় সম্মিলিত জন্মাষ্টমী উদ্‌যাপন কমিটির উদ্যোগে উপজেলা সদরে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। বিভিন্ন শ্রেণি-পেশার সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এরপর মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী লোকনাথ বাবার আবির্ভাব তিথি উপলক্ষে বিশেষ পূজা-অর্চনা ও শ্রীকৃষ্ণের পূজা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ, গীতা পাঠ ও লীলামৃত পাঠ প্রতিযোগিতা, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও মঙ্গল প্রদীপ প্রজ্বালন প্রতিযোগিতা এবং ভক্তিমূলক সংগীতানুষ্ঠান। 

অনুষ্ঠানে আলফাডাঙ্গা উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস বলেন, “ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এবারের জন্মাষ্টমী ও আবির্ভাব তিথির আয়োজন সম্পন্ন হয়েছে। এ ধরনের ধর্মীয় উৎসব সমাজ ও মানুষের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব এবং সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।”

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুমার কুণ্ডু, কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দিরের সভাপতি শ্রী নিত্য গোপাল মণ্ডল, সাধারণ সম্পাদক শ্রী নিখিল কুমার কুণ্ডু ও প্রভাষক দুলাল কুমার বিশ্বাসসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক ভক্তবৃন্দ।

ধর্মীয় আচার-অনুষ্ঠান, আনন্দ শোভাযাত্রা ও বর্ণাঢ্য প্রতিযোগিতার মধ্য দিয়ে পুরো দিনটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।