ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ৭৪ লাখ টাকার পাটবোঝাই ২ ট্রাক লুট, মামলা দায়ের

মোঃ গোলাম রাব্বি, জেলা প্রতিনিধি, পাবনাঃ
২৩ জুলাই, ২০২৬ ১০:৫৮ এএম
শেয়ার করুন:
ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ৭৪ লাখ টাকার পাটবোঝাই ২ ট্রাক লুট, মামলা দায়ের

পাবনার ঈশ্বরদীতে অস্ত্রের মুখে নগদ টাকা ও আনুমানিক ৭৪ লাখ টাকা মূল্যের পাটবোঝাই দুটি ট্রাক লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগে ঈশ্বরদী থানায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ জুলাই ঈশ্বরদী উপজেলার পাকশী ইপিজেড এলাকায় পাটবোঝাই দুটি ট্রাক নিয়ে অবস্থানকালে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র চালকের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন করে চালকের কাছ থেকে জোরপূর্বক নগদ অর্থ ছিনিয়ে নেয়। পরে তারা আনুমানিক ৭৪ লাখ টাকা মূল্যের পাটবোঝাই ট্রাক দুটি জোরপূর্বক ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের যুক্তিতলা গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে জিয়াউল হাসান বিপ্লব (৫৪) বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলায় মো. নবী (৪০), নিজাম (৪৮), মিজান (৪০), রাজিব (২৮) ও হাজী সেলিম (৪০)-সহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পাবনা জেলা পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। লুণ্ঠিত পাটবোঝাই ট্রাক উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙখলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।