তৃণমূলের দোরগোড়ায় সেবা ও উন্নয়নের নতুন রূপরেখা: নগরকান্দায় জেলা প্রশাসকের মতবিনিময়

শফিকুল ইসলাম মন্টু, স্টাফ রিপোর্টারঃ
১১ জুন, ২০২৬ ৮:০৩ পিএম
শেয়ার করুন:
তৃণমূলের দোরগোড়ায় সেবা ও উন্নয়নের নতুন রূপরেখা: নগরকান্দায় জেলা প্রশাসকের মতবিনিময়

জনসেবার মান বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে সুশাসন নিশ্চিতকরণ এবং স্থানীয় সমস্যাগুলো সরাসরি জেনে তা দ্রুত সমাধানের লক্ষ্যে ফরিদপুরের নগরকান্দায় অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত পরিচিতি ও মতবিনিময় সভা। উপজেলার সার্বিক উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এই সভায় দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় নগরকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তিনি স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সেবার মান আরও ত্বরান্বিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। মতবিনিময়কালে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও তাদের নিজ নিজ বিভাগের কার্যক্রম তুলে ধরেন এবং সেবার মান বৃদ্ধিতে করণীয় বিষয়ে উন্মুক্ত মতামত প্রকাশ করেন। 

গুরুত্বপূর্ণ এই সভায় উপজেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার।

এছাড়া সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুব আহাদ, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরিফ এবং সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন প্রমুখ।

সভায় উপজেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মূলত সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপরই এই মতবিনিময় সভায় সর্বাধিক গুরুত্বারোপ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।