হাইতির গ্যাং সাপ্রেশন ফোর্সে অংশ নেবে বাংলাদেশ: সেনাপ্রধান

অনলাইন ডেস্কঃ
১০ জুন, ২০২৬ ১২:৪০ পিএম
শেয়ার করুন:
হাইতির গ্যাং সাপ্রেশন ফোর্সে অংশ নেবে বাংলাদেশ: সেনাপ্রধান

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের প্রতিশ্রুতি আরও জোরদার করতে হাইতিতে নবগঠিত ‘গ্যাং সাপ্রেশন ফোর্সে’ অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। জাতিসংঘের নতুন এই উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা যৌথভাবে অংশগ্রহণ করবেন। 

বুধবার (১০ জুন) ঢাকার সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সভায় বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান ও বর্তমান চিত্র তুলে ধরে সেনাপ্রধান জানান, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের ৯টি মিশনে বাংলাদেশের মোট ৪ হাজার ২১২ জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন। এর মধ্যে সেনাবাহিনীর ৩ হাজার ৬০৮ জন, নৌবাহিনীর ৩০২ জন, বিমান বাহিনীর ২৬৭ জন এবং পুলিশ বাহিনীর ৩৫ জন সদস্য রয়েছেন।

পুরুষ সদস্যদের পাশাপাশি বাংলাদেশের নারী শান্তিরক্ষীদের গৌরবময় ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, এ পর্যন্ত দেশের সশস্ত্র বাহিনী ও পুলিশের মোট ৩ হাজার ৯০৫ জন নারী সদস্য অত্যন্ত সফলতার সাথে বিশ্ব শান্তিরক্ষায় দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে আরও ২৯৪ জন নারী শান্তিরক্ষী নিয়োজিত আছেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, ১৯৮৮ সাল থেকে জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে বাংলাদেশ। বর্তমানে বিশ্বজুড়ে শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জগুলো দ্রুত পরিবর্তিত হচ্ছে। তবে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিজেদের জীবন বাজি রেখে উন্নত প্রশিক্ষণ, নৈতিক মূল্যবোধ, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার মাধ্যমে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছেন।

জাতিসংঘের আধুনিক চাহিদার সাথে সংগতি রেখে প্রযুক্তির ব্যবহার, চিকিৎসা ও প্রকৌশল সহায়তা এবং নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশ যৌথভাবে কাজ করে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেন সেনাপ্রধান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।