কাপ্তাইয়ে ‘ওয়াগ্গা ভলান্টিয়ার’র প্রতিষ্ঠাবার্ষিকী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

রিপণ মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
৬ জুন, ২০২৬ ২:৫২ পিএম
শেয়ার করুন:
কাপ্তাইয়ে ‘ওয়াগ্গা ভলান্টিয়ার’র প্রতিষ্ঠাবার্ষিকী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

"পরিবেশ, শিক্ষা, সংস্কৃতি, সেবা ও ঐক্য"—এই মূলমন্ত্রকে ধারণ করে রাঙ্গামাটির কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস পালন, ‘ওয়াগ্গা ভলান্টিয়ার’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন এবং গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার কুকিমারা লোটাস শিশু সদন প্রাঙ্গণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণিল র‍্যালি বের করা হয়, যা এলাকা প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরপর গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, আলোচনা সভা এবং সবশেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে ওয়াগ্গা ইউনিয়নের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি নার্সিং কলেজ ও ফুল-ফান্ডেড স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া ৭ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন—তিথীপ্রিয়া তনচংগ্যা (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), প্রিয়াংকা তনচংগ্যা (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), এন্টি তনচংগ্যা (রাজশাহী বিশ্ববিদ্যালয়), ইথুন তনচংগ্যা (নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ, খুলনা), রেশমি তালুকদার (এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন), পাপেল তনচংগ্যা (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) এবং সুশান্ত তনচংগ্যা (হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)।

এছাড়া, রাঙ্গামাটি অঞ্চলের পরিবেশ রক্ষা ও শিক্ষা উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যাকে ‘গুণীজন সংবর্ধনা’ প্রদান করা হয়।

ওয়াগ্গা ভলান্টিয়ারের সভাপতি হৃত্বিক তনচংগ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি আঞ্চলিক পরিষদের সহকারী নির্বাহী কর্মকর্তা (উন্নয়ন) ও সংগঠনের উপদেষ্টা সুইচিংমং মারমা। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাইয়ের সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, ওয়াগ্গা ১০০ নং মৌজার হেডম্যান অরুণ তালুকদার এবং মেডিকেল অফিসার ডা. জয়ধন তনচংগ্যা। এছাড়াও লোটাস শিশু সদনের উপ-পরিচালক ভদন্ত বিমলা ভিক্ষু, ধম্ম সুখা বৌদ্ধ বিহারের উ. বিসারাদা মহাথেরো, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য ফুলাচিং মারমা এবং সংগঠনের সাধারণ সম্পাদক চনুমং মারমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজন কমিটির আহ্বায়ক, ওয়াগ্গা ভলান্টিয়ারের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বীর কুমার তনচংগ্যা এবং সঞ্চালনায় ছিলেন কমিটির সদস্য অংহ্লাচিং মারমা।

আলোচনা সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণ, শিক্ষার মান উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তরুণ প্রজন্মকে দেশের কল্যাণে স্বেচ্ছাসেবামূলক কাজে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। তারা ওয়াগ্গা ভলান্টিয়ারের মানবিক ও সামাজিক উদ্যোগগুলোর ভূয়সী প্রশংসা করেন। 

অনুষ্ঠান শেষে সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতেও সমাজ ও পরিবেশ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।