খানজাহান আলী মাজারের দীঘির কুমির সরাতে আসছে বিশেষজ্ঞ দল

অনলাইন ডেস্কঃ
৩ জুন, ২০২৬ ১২:১৯ পিএম
শেয়ার করুন:
খানজাহান আলী মাজারের দীঘির কুমির সরাতে আসছে বিশেষজ্ঞ দল

বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘির কুমিরটিকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এই স্থানান্তর প্রক্রিয়া শুরু করতে আজ বুধবার (৩ জুন) খুলনা থেকে একটি বিশেষজ্ঞ দল বাগেরহাটে পৌঁছানোর কথা রয়েছে। তারা কুমিরটির আচরণ ও অবস্থান পর্যবেক্ষণ করে তা ধরা এবং নিরাপদে সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় কারিগরি সিদ্ধান্ত নেবেন।

এর আগে গত মঙ্গলবার (২ জুন) রাতে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় কুমিরটিকে দিঘি থেকে সরিয়ে সুন্দরবনে হস্তান্তরের এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

যে ঘটনার পর এই সিদ্ধান্ত
গত সোমবার (১ জুন) রাত ৮টার দিকে মাজারের দিঘিতে গোসল করতে নেমে ফাতেমা আক্তার নামের সাত বছরের এক শিশু কুমিরের আক্রমণের শিকার হয়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, কুমিরটি শিশুটিকে ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। পরদিন মঙ্গলবার ভোরে দিঘির মহিলা ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনার পর মাজার এলাকায় আসা দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত কুমিরটি অপসারণ ও নিরাপত্তা জোরদার করার দাবি জানান।

প্রশাসনের বক্তব্য ও প্রস্তুতি
জননিরাপত্তার স্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত সম্পর্কে বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মোহাম্মদ বাতেন বলেন, "সাম্প্রতিক দুর্ঘটনার পর মাজার এলাকায় আসা দেশি-বিদেশি ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে কুমিরটিকে সুন্দরবনের করমজল প্রজনন কেন্দ্রে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মাজার এলাকার সার্বিক নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হবে।"

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, বুধবার খুলনা থেকে বন বিভাগের বিশেষজ্ঞদের একটি দল বাগেরহাটে আসবে। তারা কুমিরটির আচরণ, অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ করে তা ধরার উপযুক্ত পদ্ধতি এবং স্থানান্তরের সময় নির্ধারণ করবেন।

জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ওই জরুরি সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বন বিভাগ ও মাজারের খাদেমদের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।