১২ বছর পর নতুন পরিচয়ে ফিরলেন পিটারসেন

অনলাইন ডেস্কঃ
৭ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৫৬ পিএম
শেয়ার করুন:
১২ বছর পর নতুন পরিচয়ে ফিরলেন পিটারসেন

দীর্ঘ ১২ বছর পর ইংল্যান্ড ক্রিকেট দলের ড্রেসিংরুমে ফিরলেন দেশটির সাবেক তারকা ব্যাটার কেভিন পিটারসেন। তবে এবার খেলোয়াড় হিসেবে নয়, মেন্টর বা পরামর্শক হিসেবে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে তাঁকে এক বছরের জন্য এই দায়িত্বে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আইসিসির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। পিটারসেন ইংল্যান্ডের হয়ে মাঠ মাতালেও তাঁর জন্ম দক্ষিণ আফ্রিকায়। ফলে প্রোটিয়া কন্ডিশন ও উইকেট সম্পর্কে তাঁর বিস্তর ও গভীর ধারণা রয়েছে, যা বিশ্বকাপে ইংল্যান্ডকে বড় সুবিধা দেবে বলে মনে করছে ইসিবি।

২০১৪ সালে ইংল্যান্ডের জার্সিতে শেষ ম্যাচ খেলা পিটারসেন নতুন পরিচয় পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ইসিবির বিবৃতিতে তিনি বলেন, “দক্ষিণ আফ্রিকায় দলকে বিশ্বকাপজয়ী করতে সাহায্য করার সুযোগ পেয়ে আমি ভীষণ গর্বিত। ২০১৪ সালের পর আবার ইংল্যান্ড দলের অংশ হতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের এবং বিশেষ একটি মুহূর্ত।”

আগামী এক বছর ইংল্যান্ডের কোচিং প্যানেলে প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামকে সহায়তা করবেন পিটারসেন। এই কোচিং বহরে তাঁর সঙ্গে আরও রয়েছেন মার্কাস ট্রেসকোথিক, টিম সাউদি, সারাহ টেলর ও জিতেন প্যাটেল।

পিটারসেনকে কোচিং প্যানেলে পেয়ে উচ্ছ্বসিত কোচ ব্রেন্ডন ম্যাককালাম। ইংল্যান্ডের সীমিত ওভারের এই কোচ বলেন, “কেপির (কেভিন পিটারসেন) অভিজ্ঞতা, জ্ঞান ও ব্যক্তিত্ব দলের জন্য দারুণ এক সম্পদ। বিশেষ করে আমাদের ব্যাটাররা তাঁর মতো একজনের সঙ্গে কাজ করার সুযোগ পাবে—এটাই আমাকে সবচেয়ে বেশি রোমাঞ্চিত করছে।”

চলতি মাসে শ্রীলঙ্কা সফর দিয়ে মেন্টর হিসেবে পিটারসেনের নতুন অধ্যায় শুরু হবে। এরপর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সফরেও দলের সঙ্গে থাকবেন তিনি। এছাড়া দেশের মাটিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও কাজ করবেন এই সাবেক ব্যাটার। 

২০১৮ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া ৪৬ বছর বয়সী পিটারসেন দীর্ঘদিন ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করেছেন। এছাড়া আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের মেন্টরের দায়িত্বও পালন করেছেন তিনি। ২০১০ সালে খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ এনে দেওয়া পিটারসেনের সামনে এবার লক্ষ্য—মেন্টর হিসেবে ইংলিশদের ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ট্রফি এনে দেওয়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।