দৌলতপুরে প্রবাসীর বাড়িতে চুরি ও ভাঙচুর, প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
২৪ জুলাই, ২০২৬ ৯:০৬ পিএম
শেয়ার করুন:
দৌলতপুরে প্রবাসীর বাড়িতে চুরি ও ভাঙচুর, প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোপালপুর গ্রামে এক সৌদি প্রবাসীর বসতবাড়িতে তালা ভেঙে চুরি, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে প্রবাসীর ভাই মো. জনিরুল ইসলাম (৪৬) দৌলতপুর থানায় অভিযুক্ত প্রতিবেশীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গোপালপুর গ্রামের বাসিন্দা মো. শেখ আব্দুল্লাহ বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতিতে বাড়িটি দেখাশোনা করে আসছেন ছোট ভাই জনিরুল ইসলাম। তবে প্রতিবেশী মো. ফড়ং আলী (৫০) দীর্ঘদিন ধরে অহেতুক নানা বিরোধ সৃষ্টি, অশালীন ভাষায় গালিগালাজসহ মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ২২ জুলাই রাত আনুমানিক ১০টা থেকে ২৩ জুলাই ভোর ৪টার মধ্যে যেকোনো একসময় অভিযুক্ত ফড়ং আলী প্রবাসীর বাড়ির গেট ও ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরে থাকা এলইডি টিভি, ফ্রিজ, বিভিন্ন আসবাবপত্র ও ডিশের লাইনসহ অন্যান্য প্রয়োজনীয় মালামাল চুরি করে নিয়ে যান। এছাড়া বাড়ির পানির পাইপের মুখ ইট ও মাটি দিয়ে বন্ধ করে দিয়ে ক্ষয়ক্ষতি সাধন করেন।

পরদিন সকালে প্রবাসীর বাড়ির গেট ও ঘরের দরজা খোলা দেখে বিষয়টি স্থানীয় মুদি দোকানি মো. গাফফারকে জানান জনিরুল ইসলাম। ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত ফড়ং আলী পুনরায় ঘটনাস্থলে এসে ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেন।

এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও সৌদি প্রবাসী মো. শেখ আব্দুল্লাহর পরামর্শে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দেন জনিরুল ইসলাম। অভিযোগে মো. গাফফার (৪৫) ও মো. ইমদাদুল ইসলাম (৫০)-কে সাক্ষী রাখা হয়েছে।

তবে উত্থাপিত অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মো. ফড়ং আলীর সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। লিখিত অভিযোগটির বিষয়ে দৌলতপুর থানা-পুলিশ দ্রুত তদন্ত শুরু করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।