খাগড়াছড়ির গুইমারায় আওয়ামী লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত

মোহাম্মদ কেফায়েত উল্লাহ, জেলা প্রতিনিধি, খাগড়াছড়িঃ
১১ জুন, ২০২৬ ১০:০৯ পিএম
শেয়ার করুন:
খাগড়াছড়ির গুইমারায় আওয়ামী লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলায় উপজেলা বিএনপির ৬ নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার (১০ জুন) রাতে উপজেলার বড় পিলাক ও বাইল্যাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

ঘটনার স্থানীয় বিবরণে জানা যায়, বুধবার রাতে গুইমারার বড়পিলাক এলাকার মোহাম্মদ হাশেমের বাড়িতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন,এমন তথ্য পেয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী সেখানে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মী আহত হন। আহতরা হলেন : হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, বড়পিলাক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মামুন, সদস্য জাহাঙ্গীর আলম রনি, যুবদল নেতা মামুন এবং মাহবুব আলম। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই রাতে উপজেলার বাইল্যাছড়ি এলাকার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. বাবুর ওপর হামলার ঘটনা ঘটে। বিএনপির দাবি, ছাত্রলীগের কর্মী বাপ্পি ত্রিপুরা তার ওপর অতর্কিত হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ অভিযোগ করে বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা করেছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

গুইমারা থানার ও সি (অফিসার ইনচার্জ) মো. সোহরাওয়ার্দী বলেন, “ঘটনার বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” গুইমারা উপজেলা আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের কারও বক্তব্য পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।