এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ড, কালবৈশাখী ঝড় ও নদীভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। একই সঙ্গে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে একটি ‘কিশোরী হাইজিন কর্নার’-এর উদ্বোধন করা হয়েছে। ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মাজহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মানবিক সহায়তা প্রদান ও হাইজিন কর্নারের উদ্বোধন করেন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংশ্লিষ্ট কার্যালয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, অসহায় ও দুঃস্থ ৯টি পরিবারের গৃহ নির্মাণের জন্য মোট ১১ বান্ডিল ঢেউটিন এবং গৃহ নির্মাণ মঞ্জুরি বাবদ প্রতি বান্ডিলের বিপরীতে ৩ হাজার টাকা হারে মোট ৩৩ হাজার টাকার নগদ চেকের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাগর হোসেন সৈকত। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম. রাহানুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্বাগত বক্তব্যে পিআইও সাগর হোসেন সৈকত বলেন, "প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে দ্রুততম সময়ে সরকারি সহায়তা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী বলেন, "সরকারের এই সহায়তা দুর্যোগগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে। দুর্যোগ মোকাবিলায় আমাদের সবাইকে সর্বদা সচেতন ও প্রস্তুত থাকতে হবে।" পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, "যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সে জন্য প্রশাসন সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে।" তিনি আরও বলেন, "কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও মর্যাদা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানে হাইজিন কর্নার স্থাপন একটি অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজকে একযোগে কাজ করতে হবে। একটি সুস্থ, সচেতন ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে স্বাস্থ্যবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।"
সহায়তা বিতরণ শেষে জেলা প্রশাসক আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে নবস্থাপিত ‘কিশোরী হাইজিন কর্নার’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সুস্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
দিনব্যাপী সফরের অংশ হিসেবে জেলা প্রশাসক আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এছাড়া তিনি চলমান সরকারি উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা, বিভিন্ন প্রশাসনিক ও জনসেবামূলক কার্যক্রমের খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এর আগে, আলফাডাঙ্গায় পৌঁছালে জেলা প্রশাসক মোহাম্মদ মাজহারুল ইসলামকে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, সরকারি বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অক্টোবর ১৪, ২০২৫
সেপ্টেম্বর ২৬, ২০২৫
অক্টোবর ২৩, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৫ জুন, ২০২৬
বরিশাল | ৫ জুন, ২০২৬
ঢাকা | ৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।