গোবিন্দগঞ্জে ‘পুষ্টিবন্ধু’ প্রোগ্রামের সফল সমাপ্তি

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
২৩ আগস্ট, ২০২৫ ১২:০৩ এএম
শেয়ার করুন:
গোবিন্দগঞ্জে ‘পুষ্টিবন্ধু’ প্রোগ্রামের সফল সমাপ্তি

“আমার খাবার, আমার দায়িত্ব”— এই স্লোগানকে সামনে রেখে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিবেশবাদী সংগঠন রিআর্থ ক্লাবের উদ্যোগে গোবিন্দগঞ্জ বেগম মজিদ বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত তিন দিনব্যাপী “পুষ্টিবন্ধু” প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পুষ্টি, নিরাপদ খাদ্য এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করে তোলাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

প্রোগ্রামটিতে বিদ্যালয়ের সপ্তম ও অষ্টম শ্রেণির ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। গত তিন দিনের প্রশিক্ষণে তারা ফুড সিস্টেম, সুষম খাদ্যের গুরুত্ব, জাঙ্ক ফুডের স্বাস্থ্যঝুঁকি, নিরাপদ স্কুল টিফিন তৈরি এবং জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি ও খাদ্যব্যবস্থায় সৃষ্ট সংকট মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে জ্ঞান অর্জন করে।

সমাপনী দিনে শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা, স্বাস্থ্যকর টিফিনের মডেল এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নিজেদের করণীয় তুলে ধরে। তাদের সৃজনশীল ও তথ্যবহুল উপস্থাপনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: গোলাম মোস্তফা। তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। এই বয়সেই তাদের মধ্যে সচেতনতা তৈরি করা গেলে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও এই বিষয়গুলোতে ধারণা থাকা জরুরি।”

রিআর্থ ক্লাবের আহ্বায়ক তাসবীন শাকিব বলেন, “রিআর্থ ক্লাব তরুণদের মধ্যে পরিবেশ, জলবায়ু ও সামাজিক ন্যায়বিচার বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে। পুষ্টিবন্ধু প্রোগ্রাম আমাদের সেই উদ্দেশ্যেরই একটি অংশ, যার মাধ্যমে আমরা চাই শিক্ষার্থীরা শুধু নিজেদের জন্য নয়, সমাজ ও পরিবেশের জন্যও দায়িত্বশীল নাগরিক হিসেবে বেড়ে উঠুক।”

প্রোগ্রামের কো-অর্ডিনেটর অনুশ্রী রায় বলেন, “আমাদের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে ধারণা দেওয়া এবং খাদ্য ব্যবস্থার সাথে জড়িত প্রভাবকগুলো সম্পর্কে জানানো। এর মাধ্যমে তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ তৈরি হয়েছে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মো: মনোয়ার হোসেন (রাজু), শামীম এন্ড শাকিল কারিগরি কলেজের সহকারী অধ্যাপক মো: সগির আহমেদ, গোবিন্দগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহ্ মোশফিকুর রহমান, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: হাসিবুল হক তুষার এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অলুপ কুমার রায়।

গোবিন্দগঞ্জ অর্গানাইজেশন অফ লার্নিং এন্ড ডেভেলপমেন্ট (গোল্ড)-এর অর্থায়নে এবং সান ইয়ুথ নেটওয়ার্ক বাংলাদেশ-এর কৌশলগত সহযোগিতায় এই প্রোগ্রামটি সফলভাবে আয়োজিত হয়। এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে খাদ্য ও পরিবেশ বিষয়ে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন আয়োজকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।