ইলেকশন করে গদি মোটা হয়ে গেছে, জনগণকে আর গোনার টাইম নাই’

অনলাইন ডেস্কঃ
২৩ জুলাই, ২০২৬ ১:০২ পিএম
শেয়ার করুন:
ইলেকশন করে গদি মোটা হয়ে গেছে, জনগণকে আর গোনার টাইম নাই’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে বুধবার (২২ জুলাই) বিকেলে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ থেকে পদযাত্রাটি শুরু হয়। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পথসভায় মিলিত হয়।

পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “নির্বাচন করে গদি পাওয়ার পর এখন আর জনগণকে গোনার সময় নেই। কিন্তু মনে রাখা উচিত, এই জনগণই শেখ হাসিনার মতো ক্ষমতাধর শাসকের পতন ঘটিয়েছিল। দুইশ আসন পেয়ে তারেক রহমানের পাখনা গজিয়েছে, তিনি আকাশে উড়ছেন। কিন্তু বাংলাদেশে যদি প্রয়োজনীয় সংস্কার না হয়, তবে সব পাখনা ভেঙে মাটিতে পড়ে যাবে।”

সংবিধান সংস্কারের বিষয়ে তিনি অভিযোগ করেন, “সংবিধান সংস্কার কমিটির উদ্দেশ্য হচ্ছে গত ৫৩ বছরের লুণ্ঠন ও খুনের রাজত্বকে বৈধতা দেওয়া এবং মুজিবীয় ও ভারতীয় সংবিধানকে টিকিয়ে রাখা। কিন্তু এই সংবিধানের বিরুদ্ধে এ দেশের জনগণ আবার গর্জে উঠবে।” তিনি আরও বলেন, জিয়াউর রহমান বা খালেদা জিয়ার পথ থেকে সরে গিয়ে তারেক রহমান আজ বাংলাদেশবিরোধী ও ভারতীয় শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন।

পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্থানীয় প্রশাসনে রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “মাঠপর্যায়ের সরকারি অফিসগুলো এখন বিএনপি, যুবদল ও ছাত্রদলের প্রভাবে অতিষ্ঠ। ডিসি, এসপি, ইউএনও কিংবা অন্যান্য সরকারি অফিসের কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। প্রতিটি অফিসে বিএনপির নেতাদের অন্যায্য প্রভাব ও দাপটের কারণে প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে এবং জনগণ ভোগান্তিতে পড়ছে।”

এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এমপি সভায় বলেন, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সবসময় এ দেশের মানুষের অধিকার, ভোটাধিকার, ধর্মীয় সম্প্রীতি ও দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলে। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান, শিক্ষক-ছাত্রসহ সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে আমরা একটি বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তে চাই।” 

বক্তব্যকালে আখতার হোসেন কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ ও পৌরসভার জন্য স্থানীয় এনসিপি নেতা মুকুল মিয়া ও মাসুম মিয়ার নাম পরিচয় করিয়ে দেন।

জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন— কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, আসাদুজ্জামান সরকার, দিনার মিনহাজ এবং জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসাসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।