এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে চলন্ত একটি যাত্রীবাহী স্পিডবোটে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল এক যাত্রীকে কুপিয়ে গুরুতর আহত করে তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এ সময় স্পিডবোটের প্রায় ৪ লাখ টাকা মূল্যের ইঞ্জিনটিও খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
গত মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের পদ্মা নদীর বালুর টেক এলাকায় এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
হামলায় আহত মো. লিটন (৩৫) সদর ইউনিয়নের নছরউদ্দিন মুন্সির ডাঙ্গী গ্রামের কামরুল হাসানের ছেলে। অন্যদিকে, প্রাণে বাঁচতে চরে পালিয়ে রক্ষা পান স্পিডবোটচালক সঞ্জিব (২২)। তিনি একই ইউনিয়নের খালাশিডাঙ্গী গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার আগে গোপালপুর ঘাট থেকে যাত্রী নিয়ে দোহারের মৈনট ঘাটে যান স্পিডবোটচালক সঞ্জিব। সেখান থেকে লিটন নামের ওই যাত্রীকে ৬০০ টাকা ভাড়ায় নিয়ে তিনি পুনরায় গোপালপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে স্পিডবোটটি পদ্মা নদীর বালুর টেক এলাকায় পৌঁছালে মাওয়ার দিক থেকে আসা ১০ থেকে ১৫ জন আরোহীসহ একটি বড় স্পিডবোট তাদের ধাওয়া করে। বিপদ টের পেয়ে চালক সঞ্জিব বোটটি দ্রুত চরের কূলে ভিড়িয়ে দৌড়ে পালিয়ে যান। তবে বোটে একা থেকে যান যাত্রী লিটন।
ডাকাত দল স্পিডবোটটি ঘিরে ধরে লিটনের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাতের কনুইয়ের ওপরের অংশ গুরুতর জখম হয়। এরপর ডাকাতরা তার কাছ থেকে ১২ হাজার টাকা, একটি মোবাইল ফোন এবং স্পিডবোটের ইঞ্জিনটি খুলে নিয়ে পালিয়ে যায়।
পরে আহত লিটনের অনুরোধে ডাকাতরা তাকে একটি মাছ ধরার নৌকায় তুলে দিলে তিনি মৈনট ঘাটে পৌঁছান। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি দোহার নৌ পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন।
আহত লিটন জানান, তিনি বিদেশে যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে ঢাকায় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাড়ি ফিরছিলেন। নৌপথে টহল ব্যবস্থার ঘাটতির অভিযোগ তুলে তিনি বলেন, "এই নৌপথে নৌ পুলিশের তৎপরতা খুবই কম। নিয়মিত টহল ও নজরদারি থাকলে হয়তো আমাদের এই পরিস্থিতির মুখোমুখি হতে হতো না।"
এ বিষয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়। পরবর্তীতে পদ্মা নদীর একটি চরসংলগ্ন এলাকা থেকে ইঞ্জিনবিহীন স্পিডবোট এবং চালক সঞ্জিবকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নৌ পুলিশ দপ্তরে অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।
ফরিদপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাসিম আহাম্মেদ বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ক্রিকেট | ১০ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ১০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১০ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ১০ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ১০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।