ফরিদপুরের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
৪ জুন, ২০২৬ ১০:৪৪ এএম
শেয়ার করুন:
ফরিদপুরের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময় সভা

ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলামের সঙ্গে ফরিদপুর প্রেসক্লাবের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জুন) সন্ধ্যা ৭টায় ফরিদপুর প্রেসক্লাবের ‘সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে’ এ সভার আয়োজন করা হয়।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।

মতবিনিময় সভায় জেলার সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন বক্তারা। তারা বলেন, বর্তমান সময়ে প্রকৃত ও পেশাদার সাংবাদিকরা নানা চ্যালেঞ্জের সম্মুখীন। এ পরিস্থিতিতে মূলধারার সাংবাদিকতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা এবং অপসাংবাদিকতা রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। বক্তারা আরও বলেন, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ফরিদপুর প্রেসক্লাব দীর্ঘদিন ধরে সাংবাদিকদের অধিকার আদায়, পেশাগত উন্নয়ন ও গণমাধ্যমের বিকাশে নিরলস কাজ করে যাচ্ছে।

সভায় বক্তারা সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, “আমরা সদাকে সাদা এবং কালোকে কালো বলব”—এই নীতিতে অটল থেকে সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতা চালিয়ে যেতে বদ্ধপরিকর। এছাড়া জেলার সামগ্রিক উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সাংবাদিকরা এ সময় জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম সাংবাদিকদের সব মতামত মনোযোগ দিয়ে শোনেন। তিনি জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় প্রেসক্লাবের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মানিক, সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলনসহ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য এবং জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।