১৬ মার্চ দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান

অনলাইন ডেস্কঃ
Mar 9, 2026 - 10:18
১৬ মার্চ দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান

নির্বাচিত সরকার খাল পুনঃখননের যে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে, তা আগামী ১৬ মার্চ সারা দেশে একযোগে উদ্বোধন করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খালটি পুনঃখননের মাধ্যমে এই দেশব্যাপী কর্মসূচির শুভসূচনা করবেন।

রোববার (৮ মার্চ) দুপুরে সাহাপাড়া খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন ধরে সাহাপাড়া খালটি সংস্কার না হওয়ায় এখানে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী প্রায় সোয়া ১২ কিলোমিটার দীর্ঘ এই খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজ সম্পন্ন হলে জলাবদ্ধতা দূর হবে এবং সেচ সুবিধা বাড়ার ফলে কৃষি উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে।’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন আন্দোলনের কথা স্মরণ করে মন্ত্রী আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লক্ষ্য ছিল দেশকে স্বনির্ভর করা। তাঁর সেই বিপ্লবী দর্শন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে আমরা তারেক রহমানের নেতৃত্বে আবারও খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি। এটি কেবল একটি সংস্কার কাজ নয়, এটি দেশের কৃষি অর্থনীতিকে স্বনির্ভর করার একটি আন্দোলন।’

নদী ও খাল দখল প্রসঙ্গে মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘দীর্ঘদিন পলি জমে এবং অবৈধ স্থাপনা গড়ে ওঠায় অনেক খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। আমরা সব বাধা দূর করে খালের নাব্য ফিরিয়ে আনব। এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা একান্ত কাম্য।’

খননকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘আমরা একটি জনবান্ধব ও নির্বাচিত সরকার। অতীতে মেগা দুর্নীতির যে সংস্কৃতি ছিল, তা থেকে বেরিয়ে এসে আমরা শতভাগ স্বচ্ছতার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। খাল খনন প্রক্রিয়ায় কোনো ধরনের দুর্নীতির প্রশ্রয় দেওয়া হবে না এবং পুরো বিষয়টি আমাদের নিবিড় পর্যবেক্ষণে থাকবে।’

পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন (আজাদ), দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মূসা এবং স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow