এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) ফরিদপুর সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তাঁর এই সফরকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বেড়েছে, একই সঙ্গে দীর্ঘদিনের উন্নয়ন চাহিদাগুলো নতুন করে আলোচনায় উঠে এসেছে। বিশেষ করে ফরিদপুরের উন্নয়নভিত্তিক ১০ দফা দাবি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচার পাচ্ছে।
জেলা জামায়াতের দায়িত্বশীল সূত্র জানায়, নড়াইলের জনসভা শেষে বিকেলে ফরিদপুর-১ আসনের বোয়ালমারী স্টেডিয়ামে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমীর। পরে রাত ৮টার দিকে ফরিদপুর-৩ (সদর) আসনের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত আরেকটি জনসভায়ও তিনি বক্তব্য দেবেন। এই দুটি কর্মসূচিকে ঘিরে জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতির প্রস্তুতি চলছে।
এ সফরকে ঘিরে ফরিদপুরবাসীর দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার বিষয়গুলো নতুন করে সামনে এসেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ১০ দফা দাবির মধ্যে রয়েছে—ফরিদপুরকে পূর্ণাঙ্গ বিভাগ ঘোষণা, পল্লীকবি জসীমউদ্দীনের নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, একটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং একটি গার্লস ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা। স্থানীয়দের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জেলার শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।
যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। মুন্সি বাজার মোড় থেকে ভাঙ্গা পর্যন্ত এবং রাজবাড়ী রাস্তার মোড় থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত ৬ লেন সড়ক নির্মাণের দাবি তুলেছেন সচেতন নাগরিকরা। পাশাপাশি সি অ্যান্ড বি ঘাটকে আধুনিক নৌবন্দরে উন্নীত করা এবং ধলার মোড়কে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রস্তাব আলোচনায় রয়েছে।
অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ফরিদপুরে একটি ইপিজেড (EPZ) স্থাপনের দাবিও সামাজিক মাধ্যমে জোরালোভাবে উচ্চারিত হচ্ছে। ব্যবসায়ী ও তরুণদের মতে, ইপিজেড স্থাপন হলে শিল্পায়ন, বিনিয়োগ এবং কর্মসংস্থানে নতুন সম্ভাবনা তৈরি হবে।
রেল যোগাযোগ উন্নয়নের দাবির মধ্যে রয়েছে—কুষ্টিয়া থেকে রাজবাড়ী-ফরিদপুর-শিবচর-জাজিরা হয়ে ঢাকাগামী সকালে একটি বিশেষ ট্রেন এবং বিকেলে একই রুটে ফিরতি ট্রেন চালু করা। পাশাপাশি ফরিদপুর রেলওয়ে স্টেশন আধুনিকায়নের কথাও বলা হচ্ছে।
জেলা জামায়াতের নেতারা জানিয়েছেন, জনসভা থেকে এসব দাবি জামায়াত আমীরের কাছে তুলে ধরা হবে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের সমর্থনে সরকার গঠনের সুযোগ এলে ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে এসব দাবির বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।
জামায়াত আমীরের এ সফরকে ঘিরে এখন ফরিদপুরবাসীর দৃষ্টি তাঁর বক্তব্যের দিকে—উন্নয়ন সংক্রান্ত দাবিগুলো কতটা গুরুত্ব পায়, সেটিই দেখার বিষয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।