ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র শিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জান্নাত আক্তার, সদর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৩১ পিএম
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র শিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামী ছাত্রশিবির বাংলাদেশের ছাত্রসমাজের মুক্তিকামী ঠিকানা। অন্যায়, জুলুম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এই সংগঠন সব সময় বলিষ্ঠ ভূমিকা পালন করে এসেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমীর ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা মোবারক হোসাইন।

শুক্রবার ৬ ফেব্রুয়ারি সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে ছাত্রশিবির কাজ করবে। শিক্ষার্থী ও সাধারণ জনগণকে সচেতন করে সঠিক ব্যক্তিকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন, শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সোনার বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে ছাত্রসমাজকে নেতৃত্ব দিতে ইসলামী ছাত্রশিবির দৃঢ়প্রতিজ্ঞ।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি জুলফিকার হায়দার রাফি বলেন,

১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মাত্র ছয়জন সদস্য নিয়ে ছাত্রশিবিরের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ মীর কাশেম আলীর নেতৃত্বে গড়ে ওঠা এই সংগঠন আজ সকল ষড়যন্ত্র ও দমন-পীড়ন উপেক্ষা করে গণমানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে ইসলামী মূল্যবোধ ধ্বংসের নীলনকশা বাস্তবায়নে ছাত্রশিবিরের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে শহীদ করা হয়েছে এবং বহু নেতাকর্মী গুমের শিকার হয়েছেন। গুম হওয়া নেতাকর্মীদের ভাগ্য দ্রুত প্রকাশের জন্য তিনি সরকারের কাছে জোর দাবি জানান।

জেলা সেক্রেটারী ইয়াছিন আরাফাত তার বক্তব্যে বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ ফ্যাসিবাদের করাল গ্রাস থেকে মুক্ত হলেও এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয় রয়েছে। পলাতক খুনি হাসিনা পাশের দেশে বসে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসলামী ছাত্রশিবির এসব ষড়যন্ত্র প্রতিহত করতে সদা প্রস্তুত।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা সভাপতি আতিকুল ইসলাম ভূঁইয়া, জেলা অফিস সম্পাদক শামসুজ্জামান, জেলা অর্থ সম্পাদক মফিজুর রহমান, প্রচার সম্পাদক সাইফুল্লাহ আল আরিফসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে সকাল ১০ টায় "দাওয়াত এবং প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন, জ্ঞানের আলোয় গড়ব সমাজ, সফল হবে আন্দোলন" স্লোগানকে সামনে রেখে জেলা ছাত্রশিবিরের উদ্যোগে শহরের কাউতলী মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা হাতে নিয়ে সংগঠনের আদর্শ তুলে ধরেন।

শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হয়। পরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।