ভোটকেন্দ্রে গিয়ে সরাসরি ব্যালট পেপারে সিল মেরে ভোট দেওয়ার আনন্দ উপভোগ করতে সুদূর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ফরিদপুরের সালথা উপজেলার প্রবাসী হাসিবুল হাসান হাবিব। প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ থাকলেও তিনি নিজ নির্বাচনী এলাকায় উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ করতে চান বলেই এই সফর।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে নিজ গ্রাম সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া গ্রামে পৌঁছালে স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
হাসিবুল হাসান হাবিব সাড়ুকদিয়া গ্রামের মৃত মমিন মোল্লার ছেলে। ২০১৩ সালে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্য বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গ্রামে পৌঁছে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার তারা সেই হারানো অধিকার ফিরে পেয়েছে। তাই এবারের নির্বাচন শুধু একটি সংসদ নির্বাচন নয়, এটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। একই সাথে গণভোটও অনুষ্ঠিত হচ্ছে, যা দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তিনি আরও বলেন, আমি ওহাইও অঙ্গরাজ্য বিএনপির আহ্বায়ক হিসেবে সেখানে অবস্থানরত প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছি। তাদের ভোট নিশ্চিত করার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে তারপর দেশে ফিরেছি। এ কারণেই ফিরতে কিছুটা দেরি হয়েছে। আমার পরিবারের সদস্যরা এখনো যুক্তরাষ্ট্রে আছেন এবং তারাও পোস্টাল ভোটের মাধ্যমে অংশ নেবেন।
স্থানীয়রা জানান, প্রবাস জীবনের ব্যস্ততা সত্ত্বেও হাবিবের এভাবে দেশে ফিরে এসে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার আগ্রহ নতুন প্রজন্মের ভোটারদের মাঝেও উৎসাহ সৃষ্টি করেছে।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, জেলা জিয়া পরিষদের আহ্বায়ক মো. জাহাঙ্গীর মোল্লা, সদস্য সচিব মো. হেমায়েত হোসেন, উপজেলা বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু মিয়া, সালথা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান হোসাইন, কৃষি গবেষণা ইনস্টিটিউট ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহিন ফকিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।